২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আইনজীবীরা কি দুষ্টের পালন করছে না?'

প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, আইনজীবীদের কাজ হচ্ছে দুষ্টের দমন ও শিষ্টের পালন করা। কিন্তু আজ আইনজীবীরা কি দুষ্টের পালন ও শিষ্টের দমন করছে না?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, আইনজীবীদের কাজ হচ্ছে দুষ্টের দমন ও শিষ্টের পালন করা। কিন্তু আজ আইনজীবীরা কি দুষ্টের পালন ও শিষ্টের দমন করছে না? মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন তোলেন। প্রধান বিচারপতি বলেন, "ধর্ম হচ্ছে ন্যায়ের প্রতিশব্দ। তবে আমরা এখন ন্যায় থেকে দূরে সরে যাচ্ছি। এ কারণে আমাদের সমাজে ক্রমেই দোষ স্বীকারের প্রবণতা ক্রমেই কমে যাচ্ছে। "আমরা যদি স্বার্থের কথাই চিন্তা করি, ন্যায়-অন্যায় বিভাজন করতে না পারি, দেশের জন্য কাজ না করি, তাহলে পরবর্তী প্রজন্ম আমাদের সম্পর্কে কী ধারণা পোষণ করবে?" তিনি হিন্দু আইন সংস্কারের তাগিদ দিয়ে বলেন, বাংলাদেশের হিন্দু আইন অনেক পুরনো। একে সংস্কার করে যুগোপযোগী করার পদক্ষেপ নিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, রাষ্ট্রে ধর্মনিরপেক্ষতা না থাকা সংখ্যালঘুদের জন্য সবচেয়ে বড় সমস্যা। "অতীতে এদেশের জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্যে সংখ্যালঘুরা অনেক অবদান রেখেছিল। তবে পাকিস্তানী শাসকগোষ্ঠীর ভুল নীতির কারণে এ দেশের সংখ্যালঘুদের হার শতকরা ২৫ ভাগ থেকে ১০ ভাগে নেমে এসেছে। তারা চলে না গেলে দেশ আরো এগিয়ে যেতে পারতো", বলেন তিনি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনে সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, সমিতির সম্পাদক মো. বদরুদ্দোজা বাদল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএন/এইচএ/১৯০৫ ঘ.