২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে নিহত ৪

চট্টগ্রামে সীতাকুণ্ডের শীতলপুরে শিপইয়ার্ডে একটি পরিত্যক্ত জাহাজে বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 10:12 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে সীতাকুণ্ডের শীতলপুরে শিপইয়ার্ডে একটি পরিত্যক্ত জাহাজে বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন। এরা হলেন- মিরাদ (৩২), মো. রুবেল (৩০), লিটন (৩৫) ও জুবায়ের (২২)। এদের প্রথম দুজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। বাকিদের লাশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্ধার করে পুলিশ। আরো এক অগিদগ্ধ শ্রমিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ম্যাক করপোরেশন শিপইয়ার্ডে পরিত্যক্ত জাহাজ প্রাণামে এ বিস্ফোরণ ঘটে। সীতাকুণ্ডের আবুল কাশেম এ ইয়ার্ডের মালিক। চমেক বার্নস ইউনিটের সহকারী রেজিস্ট্রার এস খালেদ জানান, বিকাল ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন মিরাদ ও রুবেল নামের দুই শ্রমিক মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ অপরজনের নাম জানা যায়নি। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিকট শব্দে পরিত্যক্ত জাহাজটির বয়লার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় আশপাশের ২-৩ কিলোমিটার এলাকা প্রকম্পিত হয়ে। তিনি বলেন, "শুনেছি জাহাজটিতে ২০-২৫ জন শ্রমিক কাজ করছিল। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন এসে জাহাজ থেকে অগ্নিদগ্ধ তিন শ্রমিককে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছে।" ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে নেমে পড়ে। তবে বেলা পৌনে ১২টা পর্যন্ত জাহাজের আগুন নিয়ন্ত্রণে আসেনি। শিপইয়ার্ড থেকে দুই লাশ উদ্ধারের খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাতে জানান সীতাকুণ্ড থানার উ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক। স্থানীয় সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই শিপইয়ার্ডের বাইরে শ্রমিকদের পরিবার ও বিক্ষুব্ধ লোকজনের ভিড় জমেছে। তাদের সঙ্গে পুলিশ সদস্যদের কয়েকদফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এমইউএস/এমআই/কেএমএস/পিডি/২২৫৫ ঘ.