ময়মনসিংহ, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির এক মামলায় আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার ময়মনসিংহের ১ নম্বর আমলী আদালতের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম রোজিনা খান পাঁচ হাজার টাকা জামানতে তাকে জামিন দেন।
আদালত গ্রামীণ ব্যাংক প্রধানের পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করেছে আগামী ২০ ফেব্র"য়ারি।
২০০৭ সালের ২১ জানুয়ারি ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন জেলা জাসদের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম চুন্নু।
বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ মামলাটি আমলে নিয়ে মঙ্গলবার ইউনূসকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ১৭ জানুয়ারি গ্রামীণ ব্যাংকের সদরদপ্তরে বার্তা সংস্থা এএফপি'র সঙ্গে সাক্ষাৎকারে মুহাম্মদ ইউনূস বলেছিলেন-বাংলাদেশের রাজনীতিবিদরা কেবল অর্থের জন্য রাজনীতি করেন। এখানে কোনো আদর্শের ব্যাপার নেই।
পরদিন তার এ বক্তব্য দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।
আদালতের আদেশে মামলাটির বিচার বিভাগীয় তদন্ত পরিচালনা করেন বিচারিক হাকিম জাহাঙ্গীর হোসেন।
এই তদন্তে সাক্ষ্য দেন জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি আতিকুর রহমান, জাসদের সাধারণ সম্পাদক এসএম সাদিক হোসেন, ওয়ার্কার্স পার্টির সম্পাদক সুজিত বর্মণ, যুব জোট সভাপতি শিব্বির আহম্মেদ লিটন, আবু তাওহীদ শামীম ও আব্দুল মোতালেব লাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩২২ ঘ.
bdnews24