২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্বনমুক্ত বিশ্ব গড়তে ঐক্যবদ্ধ হোন: প্রধানমন্ত্রী

কার্বনমুক্ত বিশ্ব গড়তে আত্মকেন্দ্রিকতা ও ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 03:27 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কার্বনমুক্ত বিশ্ব গড়তে আত্মকেন্দ্রিকতা ও ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে চারদিনব্যাপী চতুর্থ বিশ্ব ভবিষ্যত জ্বালানি সম্মেলনে ভাষণে এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, "গ্রীন হাউজ গ্যাস নির্গমণ সর্বনিম্ন পর্যায়ে রাখতে পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির পাশাপাশি জ্বালানির সব উৎসের সদ্ব্যবহার করতে হবে। "অদূর ভবিষ্যতে বিশ্বকে গ্রীন হাউজ গ্যাসমুক্ত করতে চাই। কিন্তু এ জন্য সময় প্রয়োজন।" প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন। বাংলাদেশও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থা গ্রহণ করছে এবং ইতিমধ্যে ৪০ লাখ বাড়িঘরে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে বলে ভাষণে জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, জীবাশ্ম জ্বালানি মজুদের ক্ষেত্রে আবুধাবী শীর্ষে অবস্থান করছে। ফলে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে এটি হবে বিশ্বের প্রথম শূন্য মাত্রার কার্বন নগরী। "গ্রীন হাউজ নির্গমণের কারণেই বিশ্ব দিন দিনই উত্তপ্ত হয়ে উঠছে" উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "গ্রীন হাউজ বা কার্বণ নিসঃরণে বাংলাদেশের ভূমিকা একেবারে নেই বললে চলে। অথচ দেশটি জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড়ো শিকার। এর প্রভাবে সৃষ্ট অনিশ্চিত আবহাওয়া ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে এদেশে প্রাণহানি যেমন ঘটছে তেমনি উন্নয়ন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।" তিনি জানান, বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বেড়ে গেলে বাংলাদেশের এক-পঞ্চমাংশ এলাকা সাগরে তলিয়ে যাবে, গৃহহীন হবে প্রায় তিন কোটি লোক। প্রধানমন্ত্রী বলেন, "এসব উদ্বেগের প্রেক্ষাপটেই আমরা ১৯৯২ সালে ধরিত্রী সম্মেলনে মিলিত হয়েছিলাম। এরই ধারাবাহিকতায় কিওটো, বালি, কোপেনহেগেন ও কানকুন সম্মেলন অনুষ্ঠিত হয়। "কিন্তু দুঃখের বিষয় আমরা এখনো বাধ্যবাধকতামূলক একটি সমন্বিত চুক্তিতে পৌঁছাতে পারিনি।" প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি বাংলাদেশ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বঙ্গবন্ধুর মতোই পরিবেশ সংরণে তিনিও অঙ্গীকারাবদ্ধ ছিলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন, আইসল্যান্ডের প্রেসিডেন্ট অলফার রেগর ফ্রিমশন, পাকিস্তানের প্রেসিডেন্ট আফিস আলী জারদারী, পর্তুগালের প্রধানমন্ত্রী জোসে সক্রেটিস, জর্জিয়ার প্রধানমন্ত্রী নিকা গিলরি, আবুধাবির যুবরাজ শেখ জায়েদ বিন আল নাহিয়ান। স্বাগত বক্তব্য দেন মাজদার কোম্পানির সিইও সুলতান আহমেদ আল জাবের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১২৩ ঘ.