২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালিশপুরে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

বেতন পরিশোধের দাবিতে নগরীর খালিশপুর শিল্পাঞ্চলের হার্ডবোর্ড মিলের শ্রমিকরা সোমবার সকালে অবস্থান ধর্মঘট করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 02:23 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

খুলনা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন পরিশোধের দাবিতে নগরীর খালিশপুর শিল্পাঞ্চলের হার্ডবোর্ড মিলের শ্রমিকরা সোমবার সকালে অবস্থান ধর্মঘট করেছেন। মিলের প্রধান কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন। পরে কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে তারা অবস্থান তুলে নেন। মিলের সিবিএ সভাপতি আব্দুল হান্নান বলেন, ২২৭ জন শ্রমিক কর্মচারীর গত ডিসেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। জানুয়ারি মাসের অর্ধেক সময় পার হলেও পরিশোধ করা হয়নি। তাই ক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা সকালে উৎপাদন বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেন। এ ব্যাপারে মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, মিলের ৪১৩ জন ডিলারের মধ্যে ১০৬ জন তাদের টাকা জমা দিয়েছেন। বাকি ৩০৭ জন এখনো জমা না দেওয়ায় আর্থিক সঙ্কট সৃষ্টি হয়েছে। তাই শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করতে কিছুটা বিলম্ব হচ্ছে। খুব শিগগিরই তাদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১১ ঘ.