২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫

রাজধানীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে দুই ব্যক্তিকে অপহরণের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে রমনা থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 02:13 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে দুই ব্যক্তিকে অপহরণের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে রমনা থানা পুলিশ। অপহৃত মোহাম্মাদ রকিবুল ইসলাম ও মিজানুর রহমানকে এ সময় উদ্ধার করা হয়। সোমবার বিকালে মগবাজার এলাকা থেকে এই ৫ জনকে গ্রেপ্তার করেন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মাদ হানিফ (২৬), বায়েজীদ (২৮), ফিরোজ আলম মামুন (২৯), ফাহাদ বিন সিরাজ (২৮) ও মোহাম্মাদ আফজাল (২৯)। এসআই আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রকিবুল ও মিজান মগবাজারের থ্রি ষ্টার হোটেলে দুপুরের খাবার খেয়ে বের হওয়ার পরপরই ৫/৭ জন যুবক নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে অপহরণ করে। তাদেরকে একটি মাইক্রোবাসে করে বিভিন্ন এলাকা ঘুরিয়ে মগবাজার গ্র্যান্ড প্লাজা কার পার্কিংয়ে নিয়ে যায়। "সেখানে তারা এই দুজনের কাছ থেকে ষ্ট্যাম্পে কিছু একটা লিখিত নেওয়ার চেষ্টা চালায়। স্থানীয় লোকজনের কাছে এ ঘটনা সন্দেহজনক হওয়ায় তারা পুলিশকে খবর দেয়। আমরা গিয়ে ৫ জনকে গ্রেপ্তার এবং ওই দুজনকে উদ্ধার করি।" রমনা থানার ওসি শিবলী নোমানী জানান, এদের কয়েকজন সহযোগী পালিয়ে গেছে। তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। এই অপহরণের ঘটনার রহস্য উদঘাটনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/২০০৪ ঘ.