২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় শান্তিপূর্ণ ভোট

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ঢাকা বিভাগের পৌরসভাগুলোতে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ৬৩ পৌরসভায় গড়ে ৭০ শতাংশ ভোটার ভোট দিয়েছে বলে নির্বাচন কমিশনের ধারণা। এদিকে বিএনপি অভিযোগ করেছে, বিভিন্ন স্থানে ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 10:02 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ঢাকা বিভাগের পৌরসভাগুলোতে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ৬৩ পৌরসভায় গড়ে ৭০ শতাংশ ভোটার ভোট দিয়েছে বলে নির্বাচন কমিশনের ধারণা। এদিকে বিএনপি অভিযোগ করেছে, বিভিন্ন স্থানে ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে। সোমবার সকাল ৮টায় সব পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। ভোটগ্রহণ শেষে এখন গণনা চলছে। নির্বাচনী এলাকাগুলোতে এ দিন ছিল সরকারি ছুটি। ভোটের সময় নির্বাচনী এলাকায় অনুমোদনবিহীন যানবাহন ও নৌ চলাচল বন্ধ ছিলো। ভোটগ্রহণ চলাকালীন বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে কয়েকটি স্থানে বিধি ভঙ্গের জন্য কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিলো শান্তিপূর্ণ। ভোটের হার কত- জানতে চাওয়া হলে তিনি বলেন, "প্রাথমিকভাবে আমরা যে টুকু খবর পেয়েছি, তাতে মনে হচ্ছে ৬০ থেকে ৭০ শতাংশ ভোট পড়েছে।" ভোটার তালিকায় গড়মিলের কারণে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার আটটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এ বিষয়ে ছহুল বলেন, "সেখানে মূল ভোটার তালিকার সঙ্গে প্রার্থীদের এজেন্টকে সরবরাহ করা তালিকার কেন গড়মিল হলো, তা খতিয়ে দেখা হবে।" মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের পৌরসভাগুলোর নির্বাচন সুষ্ঠু হবে বলেও আশা করেন তিনি। ভোটের সময় নারায়ণগঞ্জের তারব পৌরসভার একটি কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য একটি কেন্দ্রে সাজা হয়েছে একজনের। ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার দুটি কেন্দ্রে বিশৃঙ্খলার জন্য সাজা হয়েছে দুজনের। ব্যালট পেপার নিয়ে বেরিয়ে আসার সময় গোপালগঞ্জের টুঙ্গীপাড়া পৌরসভার ৪ নম্বর কেন্দ্র থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সাভারে ব্যাংক টাউনের অগ্রণী স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার সময় মোবাইল ফোনে কথা বলায় এক ভোটারের মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া একই পৌরসভার সাভার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগে প্রত্যাহার করা হয় দায়িত্বরত আর্মড পুলিশের এক উপ-পরিদর্শককে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দুপুরে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, বিভিন্ন স্থানে ভোটারদের ভয়-ভীতি দেখানো হয়েছে। এ জন্য সরকারি দলের নেতা-কর্মীদের দায়ী করেছেন তিনি। টাঙ্গাইল, শেরপুর, মাদারীপুর, জামালপুরের কয়েকটি কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ অভিযোগ তুলে মাদারীপুরের শিবচরে ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা আগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী শাহাদাত হোসেন শফিক এই ঘোষণা দেন। ইসি কর্মকর্তারা জানান, ঢাকা বিভাগের ৬৩ পৌরসভায় মেয়রপদে ২৯৯ জন, সংরক্ষিত আসনে ৭৩৫ ও সাধারণ কাউন্সিলর পদে ২৭৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভাগুলোয় সমসংখ্যক মেয়র পদ ছাড়াও ৫৯৪টি সাধারণ ও ১৯৮টি সংরক্ষিত কাউন্সিলর পদ রয়েছে। এ বিভাগের ১৯ লাখ ৯৬ হাজার ৪২৮ ভোটারের জন্য সর্বমোট ৯৭৭ ভোটকেন্দ্র ও ৫হাজার ৮৯৬টি ভোটকক্ষ ছিলো। ইতোমধ্যে দু'দফায় রংপুর ও রাজশাহী বিভাগে ১২ জানুয়ারি এবং খুলনা ও বরিশাল বিভাগে ১৩ জানুয়ারি পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফলাফলে দেখা যায়, এখন পর্যন্ত মেয়র পদে জয়ী হওয়াদের মধ্যে বিএনপির সমর্থিতরা সরকারি দলের চেয়ে বেশি। ঢাকার পর ১৮ জানুয়ারি চট্টগ্রাম ও সিলেট বিভাগের পৌরসভাগুলোতে নির্বাচন হবে। এছাড়া ২৭ জানুয়ারি আরো ১৪ পৌরসভায় নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এসআইএম/এএল/এমআই/১৮০৫ ঘ.