চট্টগ্রাম, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে শনিবার রাতে বান্দরবানের এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সুভাষ জীবন খীসা (৫৫) অগ্রণী ব্যাংকের বান্দরবান শাখার প্রিন্সিপাল অফিসার এবং খাগড়াছড়ির পৌর মেয়র পদপ্রার্থী ধীমান খীসার বড় ভাই।
ধীমানের অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষরা তার বড় ভাইকে হত্যা করেছে। তবে পুলিশ বলছে, সুভাষ ছিনতাইকারীদের খপ্পরে পড়ে থাকতে পারেন।
পরিবারের সদস্যরা জানান, খাগড়াছড়ি থেকে নিজের কর্মস্থল বান্দরবানে যাওয়ার জন্য শনিবার বিকালে চট্টগ্রামে পৌঁছান সুভাষ। সর্বশেষ সন্ধ্যা ৭টায় তার সঙ্গে মোবাইল ফোনে পরিবারের সদস্যদের কথা হয়।
চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টার দিকে আরেফীন নগর এলাকার বাসিন্দারা সুভাষের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।
উপ-পরিদর্শক কামরুল বলেন, "সুভাষ মলম পার্টির খপ্পরে পড়ে থাকতে পারেন। তবে ময়না তদন্তের পরই তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারব আমরা। এ ঘটনায় বায়েজীদ বোস্তামী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।"
পৌর মেয়রপ্রাথী ধীমান খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার ভাইয়ের টাকা-পয়সা-মোবাইল কিছুই খোয়া যায়নি। তাকে হত্যা করার জন্যই সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে আমার মনে হচ্ছে। আমি নির্বাচনে অংশ নেওয়ার কারণেই আমার ভাইকে মরতে হয়েছে।"
ধীমান জানান, সুভাষের লাশ রোববার বিকালে খাগড়াছড়ির সদরের খবংপড়িয়ায় তাদের বাড়িতে নেওয়া হয়। সোমবার লাশ দাহ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/জেকে/২২৩৩ ঘ.
bdnews24