নোয়খালী, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীর হাতিয়া থানার ওসি জহিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী রোববার দুপুরে তাকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট হারুনুর রশিদ হাযারী।
তিনি জানান, হাতিয়া ওসির দায়িত্ব দেওয়া হয়েছে নোয়াখালী সদর (সুধারাম) থানার পরিদর্শক (তদন্ত) মীর জাহিদুল হক রনিকে। তিনি দুপুরেই কর্মস্থলে যোগ দিয়েছেন।
পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাতিয়া পৌরসভার নির্বাচন সংশ্লিষ্টদের আপত্তির কারণে নির্বাচন কমিশন ওসি জহিরুলকে প্রত্যাহারের নির্দেশনা দেয়।
একই কারণে গত ১১ জানুয়ারি কবিরহাটের ওসি রতন দাশগুপ্তকে প্রত্যাহার করা হয়। সেখানে দায়িত্ব দেওয়া হয় ওই থানায় কর্মরত পরিদর্শক আতাউর রহমানকে।
হাতিয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে আগামী মঙ্গলবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৬ ঘ.
bdnews24