ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিকিট জটিলতায় আপাতত স্কুলড্রেস থাকলেই বিআরটিসির স্কুল সার্ভিসের বাসে চড়ার সুযোগ পাবে শিক্ষার্থী ও অভিভাবক। এরপর বাসেই দেওয়া হবে টিকিট।
বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) মিরপুর শাখার ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার বলেন, "বার্ষিক পরীক্ষার পর স্কুল ছুটি থাকায় অনেক স্কুলই টিকেটের কাজ শেষ করতে পারেনি। এজন্য স্কুলড্রেস পরিহিত শিক্ষার্থীদের নির্দিষ্ট বাস স্ট্যান্ডে দেখলেই অভিভাবকসহ তাকে বাসে চড়ার সুযোগ দেওয়া হবে।"
তবে এ সুবিধা ঠিক কতো দিন চলবে সে বিষয়ে কিছু বলেননি ট্রাফিক ইন্সপেক্টর।
নতুন এ সার্ভিস শুরুর প্রথম দিন রোববার বাসে শিক্ষার্থীদের ভিড় ছিলো খুবই কম। টিকিট নিয়ে দ্বিধায় থাকায় ভিড় কম হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ।
নির্ধারিত ৫২ সিটের ১৪টি বাসই চলাচল করেছে। এমনই একটি বাসে চড়েছিলো ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারহা নাজ সুপর্ণা।
সুপর্ণা জানিয়েছে, গত বছরই স্কুল থেকে তারা এ বাসের টিকিটের জন্য টাকা দিয়েছিলো। প্রথমদিন মিরপুরের পল্লবীর বাস স্ট্যান্ড থেকেই এ বাসে চড়ে স্কুলে গিয়েছে। কোনো সমস্যা হয়নি। নির্ধারিত সময়ে নির্ধারিত স্থান থেকেই তারা বাসে চড়তে পেরেছে।
তবে অভিভাবকদের অনেকেই জানেন না কীভাবে এ টিকিট সংগ্রহ করতে হবে। তাছাড়া স্কুল কর্তৃপক্ষেরও নেই স্বচ্ছ ধারণা।
ধানমন্ডি আট নম্বরের ভিকারুন নিসা নূনের এক ছাত্রীর অভিভাবক আবু নূর জসিম উদ্দিন জানান, শনিবার বাস উদ্বোধনের সংবাদ দেখার পর তারা রোববার স্কুলে গিয়ে খোঁজ নেন। তখন স্কুলের শাখা প্রধান সুফিয়া খাতুন ওই বাসের জন্য বিআরটিসি থেকে দেয়া কার্ডগুলো বের করেন। তবে তিনি জানেন না কীভাবে এগুলো শিক্ষার্থীদের দেওয়া হবে।
বিআরটিসি বলছে, টিকিট নিয়ে স্কুল কর্তৃপক্ষের উদাসীনতা এবং অভিভাবকদের অজ্ঞতার কারণেই প্রথমদিন বাসে শিক্ষার্থীর সংখ্যা কম ছিলো।
এ বিষয়ে আব্দুল হান্নান বলেন, "অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের যথাযথ যোগাযোগ না হওয়ায় প্রথম দিন বাসে শিক্ষার্থীর সংখ্যা কম ছিলো। অনেকেই এ সার্ভিসের কথা জানেই না।"
সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত স্কুল শুরুর সময় এবং ১১টা থেকে ৩টা পর্যন্ত বাসগুলো চলবে। এ রুটের ২৬টি স্কুলের শিক্ষার্থীরা এ সার্ভিসের সুবিধা পাবে।
দূরত্ব ভেদে সর্বনিু পাঁচ টাকা থেকে ১৮ টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/পিডি/২১৩৮ ঘ.
bdnews24