বাগেরহাট, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছোটভাইকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত।
এছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাভোগ করতে হবে।
রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ সাজা দেন।
দণ্ডিত অরুণ বাড়ই (৪৫) বাগেরহাটের রামপাল উপজেলার হুলা গ্রামের রবীন্দ্রনাথ বাড়ইয়ের ছেলে। রায় ঘোষণার সময় অরুণ বাড়ই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০০৯ সালে ৩১ অগাস্ট বাড়িতে ছোটভাই ডিয়েলের সঙ্গে অরুণের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অরুণ দা দিয়ে কুপিয়ে ডিয়েলকে গুরুতর জখম করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওই রাতেই অরুণকে ধরে তাদের আরেক ভাই সুভাষ বাড়ই পুলিশে সোপর্দ করেন এবং রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই বছরের ৩ ডিসেম্বর অরুণকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৮ ঘ.
bdnews24