২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব-পুলিশের লাঠিপেটায় ১০ শ্রমিক আহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় একটি পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় একটি পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করেছে। পরে র‌্যাব ও পুলিশ শ্রমিকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে বলে দাবি করেছে শ্রমিকরা। রোববার সকালে উপজেলার আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) স্ক্যানট্যাক্স গার্মেন্ট এর শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এক পর্যায়ে তারা কারখানার ভেতরে ভাংচুর শুরু করে। এসময় ইপিজেডের নিরাপত্তা প্রহরীরা তাদের লাঠিপেটা করে। পরে বিক্ষুদ্ধ শ্রমিকদের সঙ্গে র‌্যাব, পুলিশ ও নিরাপত্তা প্রহরীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে র‌্যাব ও পুলিশ সদস্যরা শ্রমিকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এসএম বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা ভাংচুর শুরু করে। পরে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।" তিনি জানান, বৃহস্পতিবার কারখানার এক শ্রমিককে অপর এক শ্রমিক মারধর করে। এর সুষ্ঠু বিচার দাবি করে শ্রমিকরা কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করে। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। এ নিয়ে তারা শনিবার কারখানায় ধর্মঘট করে। ওইদিন রাতেই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙ্গিয়ে দেয় কর্তৃপক্ষ। শ্রমিকরা অভিযোগ করেন, বেতন পরিশোধ না করেই কর্তৃপক্ষ হঠাৎ করে কারখানা বন্ধ করে দিয়েছে। এর আগে গত ৪ জানুয়ারি ইপিজেড এলাকায় হাইল্যান সোয়েটার নামের একটি কারখানা বন্ধ করে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২০০৩ ঘ.