ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (১৫ খণ্ড) বাংলা একাডেমী প্রকাশ করবে- তথ্য মন্ত্রণালয়ের এ সুপারিশ স্থগিত করেছে হাইকোর্ট।
একইসঙ্গে ওই দলিলপত্র হাক্কানী পাবলিশার্সকে মুদ্রণের নির্দেশ কেন দেওয়া হবে না তাও জানতে চেয়েছে হাইকোর্ট। এ জন্য সরকারকে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
হাক্কানী পাবলিশার্সের রিট আবেদনে রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রের (১৫ খণ্ড) প্রকাশক হাক্কানী পাবালিশার্স প্রকাশনার বাধা ও ইতিহাস নতুন করে সংশোধন করার সিদ্ধান্ত এবং দলিলপত্র বাাংলা একাডেমীর প্রকাশনার সুপারিশের বৈধতা নিয়ে রোববার গোলাম মোস্তফা রিট আবেদনটি দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়েছে, স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করে ইতোপূর্বে ২০০৪ সালে প্রকাশনা করলে হাইকোর্ট তা বেআইনি ঘোষণা করে। পাশাপাশি হাক্কানী পাবলিশার্সকে ওই প্রকাশনাগুলো দ্রুত প্রকাশের নির্দেশ দেয়।
আবেদনে বলা হয়, "হাইকোর্টের আদেশ সত্ত্বেও দলিলপত্র প্রকাশে হাইকোর্টের ওই আদেশকে অকার্যকর করতে রার জন্য বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে," উল্লেখ করে আবেদনে বলা হয়, "এরই সূত্র ধরে গত ৩ ও ৪ জানুয়ারি তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটি কমিটি গঠন করে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে।"
ওই কমিটি স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র প্রকাশে বাংলা একাডেমীকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে বলে আবেদনে বলা হয়েছে।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮০৫ ঘ.
bdnews24