চট্টগ্রাম, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খুলশী থানার আকবর শাহ মাজার এলাকায় মাটিচাপায় এক রিকসাচালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত রিকসাচালক মোহাম্মদ জুয়েল (২০) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার পাঁচগাছি শান্তিরাম গ্রামের মনসুর আলীর ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকালে আকবর শাহ মাজার এলাকার শহীদের কলোনী সংলগ্ন একটি পাহাড়ের একাংশ একটি গ্যারেজের ওপর ধসে পড়ে।
এ সময় গ্যারেজে থাকা রিকশাচালক জুয়েল মারাত্মক আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসে। সকাল ১১টার দিকে জুয়েল মারা যান।
খুলশী থানার সহকারি উপ-পরিদর্শক মোহাম্মদ সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাহাড় ধসের সময় জুয়েল গ্যারেজে ঘুমিয়ে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২১৩৯ ঘ.
bdnews24