ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে অটোরিকশার নতুন নির্ধারিত ভাড়া রোববার থেকে কার্যকর হচ্ছে।
নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করলে অটোরিকশা চালকদেরকে পুলিশে সোপর্দ করার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি বরকত উল্লাহ ভুলু শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
তিনি বলেন, "নতুন ভাড়া বিষয়ে গত ৯ জানুয়ারি সরকার, অটোরিকশা মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ১৫ জানুয়ারি থেকে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া প্রথম দুই কিলোমিটারের জন্য ২৫ টাকা করা হয়েছে। পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ৬ টাকার স্থলে করা হয়েছে ৭ টাকা। এ ছাড়া বিরতিকালের জন্য প্রতি মিনিট ১ টাকার পরিবর্তে ১ টাকা ২৫ পয়সা করা হয়েছে।
সিএনজি অটোরিকশা মালিকের দৈনিক জমা ৪৫০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৬০০ টাকা।
এ নিয়মের বাইরে গেলে চালক ও মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অটোরিকশা চালকরা অতিরিক্ত ভাড়া দাবি করলে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে টেলিফোন করার জন্য বা আশপাশে ট্রাফিক পুলিশের কাছে অভিযোগ করার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানান ভুলু। তিনি বলেন, "অভিযোগ সত্য প্রমাণিত হলে চালকের জরিমানা অথবা ড্রাইভিং লাইসেন্স বাতিল অথবা তার বিরুদ্ধে মামলা করা হবে।"
নতুন নিয়ম চালু করতে অটোরিক্সায় মিটার স্থাপন ও নষ্ট হয়ে যাওয়া মিটার ঠিক করা হয়েছে জানিয়ে ভুলু বলেন, "মিটার ছাড়া বা নষ্ট মিটার নিয়ে কোন অটোরিকশা রাস্তায় নামবে না।"
চালকদের কাছ থেকে বেশি জমা আদায় করলে মালিকদের গাড়ির নিবন্ধন বাতিল করা হবে বলে জানানো হয়।
ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হানিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন নিয়ম অনুযায়ী চালকরা ভাড়া আদায় করবে। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে অবশ্যই যাত্রীদের অভিযোগ করতে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবে ট্রাফিক পুলিশ।"
মালিক সমিতির সাধারণ সম্পাদক এটিএম নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন নিয়ম অনুযায়ী কাজ করতে তাদের সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সব চালকই এ নিয়ম পালন করবেন বলে জানানো হয়েছে।
সিএনজি চালিত অটোরিকশার ভাড়া সর্বশেষ পুনর্র্নিধারণ করা হয়েছিলো ২০০৮ সালের ২৭ এপ্রিল। সে সময় সর্বনিু ভাড়া নির্ধারিত হয়েছিলো ১৮ টাকা।
নতুন ভাড়া কার্যকর হওয়ার পরও চুক্তির শর্ত লঙ্ঘন করলে অথবা যাত্রী হয়রানি করা হলে বা বেশি ভাড়া নেওয়া হলে সংশ্লিষ্ট চালক ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মালিক সমিতি ও চালক সমিতির নেতৃবৃন্দ।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা গেছে, রাজধানীতে প্রায় ১৩ হাজার সিএনজি অটোরিকশা চলাচল করে। যা রাজধানীর জনসংখ্যার অনুপাতে খুবই কম।
ঢাকা জেলা অটোরিকশা-অটোটেম্পো-মিশুক যানবাহন চালক ইউনিয়ন সভাপতি মজিবর রহমান মাস্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন নিয়ম অনুযায়ী কাজ করতে চালকদের নির্দেশ দেওয়া হয়েছে।"
মালিক পক্ষ প্রায় ৭০ ভাগ অটোরিকশায় নতুন মিটার বসিয়েছে বা মিটার ঠিক করে দিয়েছে উল্লেখ করে মজিবর বলেন, "যেসব অটোরিকশার মিটার ঠিক হয়নি সেগুলো ঠিক না করা পর্যন্ত রাস্তায় নামানো হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৮৩৭ ঘ.
bdnews24