মানিকগঞ্জ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু হলেও দুই পাড়ে যানজট সৃষ্টি হয়েছে।
দক্ষিণাঞ্চলের এ রুটে ফেরি চলাচল বন্ধ হয় শুক্রবার রাত সাড়ে ১০টায়। কুয়াশা কাটার পর শনিবার সকাল সাড়ে ১০টায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে বলে বিআইডব্লিউটিসি'র আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, কুয়াশায় পথ দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময়ে পাটুরিয়ায় পাঁচটি এবং দৌলতদিয়ায় ছয়টি ফেরি নোঙর করে ছিলো।
দীর্ঘ সময় পারপার বন্ধ থাকায় ঘাট দুটিতে প্রায় আটশ গাড়ি আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সকাল ১০টার পর ফেরি চলাচল শুরু হলেও গাড়ির চাপ বেড়ে যাওয়ায় যানজট কমেনি। বিআইডব্লিওটিসি কর্মকর্তারা জানান, যাত্রীবাহী ও জরুরি কাজে নিয়োজিত গাড়িগুলোকে পারাপারে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
শীতের তীব্রতার সঙ্গে ঘন কুয়াশা থাকায় গত এক সপ্তাহ ধরে প্রতিদিনই দক্ষিণাঞ্চলের এই রুটে ফেরি চলাচল দীর্ঘ সময় বন্ধ রাখতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১৫ ঘ.
bdnews24