ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিভাগের পৌরসভাগুলোয় শনিবার মাঝরাতে প্রার্থীদের প্রচার শেষ হচ্ছে। ঝুঁকিপূর্ণ বিবেচনায় সকাল থেকেই ৬ জেলার ১১ পৌরসভায় সেনাবাহিনী এবং একটিতে বিডিআর মোতায়েন হয়েছে। সোমবার হবে ভোটগ্রহণ।
প্রচারণা, বহিরাগত ও যানবাহনে নিষেধাজ্ঞা
ইসি সচিবালয়ের উপ সচিব (পৌর) সৈয়দ খুরশিদ সাংবাদিকদের জানান, ভোটের ৩২ ঘণ্টা আগে থেকে বহিরাগতদের (যারা এলাকার বাসিন্দা বা ভোটার নন) নির্বাচনী এলাকায় অবস্থান না করার নির্দেশ দিয়েছে কমিশন।
ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে থেকে ভোটের দিন এবং রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সব ধরনের প্রচার বন্ধ থাকবে।
ইসি কর্মকর্তা জানান, ঢাকা বিভাগে ১৫ জানুয়ারি মধ্যরাত থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মটর সাইকেল চলাচলও নিষিদ্ধ থাকবে। ১৯ জানুয়ারি রাত ১২ টা পর্যন্ত তা বলবৎ থাকবে।
১৬ জানুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব, বেবি ট্যাক্সি/অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, কার, পিকআপ, বাস, টেম্পু, লঞ্চ, ইঞ্জিনবোট ও স্পিডবোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ থাকবে।
ভোটের দিন নির্বাচনী এলাকায় অনুমোদিত ছাড়া বিভিন্ন ধরনের যানবাহন ও নৌ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে মেয়র বা তার নির্বাচনী এজেন্ট প্রতি এলাকায় একটি করে গাড়ি ব্যবহার করতে পারবেন। কাউন্সিলররা তাও পারবেন না।
যেসব পৌরসভায় নির্বাচন
টাঙ্গাইল: টাঙ্গাইল সদর, কালিহাতী, মির্জাপুর, সখিপুর, মধুপুর, ধনবাড়ী, গোপালপুর, ভূঞাপুর, ঘাটাইল।
ময়মনসিংহ: ময়মনসিংহ সদর, ফুলপুর, মুক্তাগাছা, ত্রিশাল, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ভালুকা, গফরগাঁও।
রাজবাড়ী: রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা। ঢাকা: সাভার, ধামরাই।
শেরপুর: শেরপুর সদর, নকলা, নালিতাবাড়ী, শ্রীবর্দী। নরসিংদী: নরসিংদী সদর, মনোহরদী।
নারায়ণগঞ্জ: সোনারগাঁও, তারাব। গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর, টুঙ্গীপাড়া, কোটালীপাড়া। গাজীপুর: কালিয়াকৈর।
জামালপুর: জামালপুর সদর, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ। শরীয়তপুর: নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুড্যা।
নেত্রকোনা: নেত্রকোনা সদর, মোহনগঞ্জ, দুর্গাপুর, কেন্দুয়া। মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর, মীরকাদিম। মাদারীপুর: শিবচর, কালকিনি।
ফরিদপুর: ফরিদপুর সদর, নগরকান্দা, বোয়ালমারী। কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর, কটিয়াদী, ভৈরব, কুলিয়ারচর, বাজিতপুর, হোসেনপুর, করিমগঞ্জ এবং মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভা।
সেনা-বিডিআর মোতায়েন
টাঙ্গাইল, কালিহাতি, ময়মনসিংহ, সাভার, ধামরাই, নরসিংদী, মাধবদী, মনোরহরদী, কালিয়াকৈর, কিশোরগঞ্জ ও ভৈরব পৌরসভায় সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভায় থাকবে বিডিআর।
শনিবার সকাল ছয়টা থেকে ঝুঁকিপূর্ণ পৌরসভাগুলোয় সেনা মোতায়েন হবে।
ইসি কর্মকর্তারা জানান, ভোটের আগে-পরে পাঁচদিন দায়িত্ব পালন করবেন বিডিআর সদস্যরা। ভোটের আগে-পরে চার দিন সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের পর থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্য ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের ভ্রাম্যমাণ দল দায়িত্ব পালন করছে। গুরুত্ব বিবেচনায় প্রতিটি পৌরসভার জন্য প্রয়োজনীয় সংখ্যক র্যাব, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ব্যাটালিয়ন আনসার সদস্যদেরকেও 'স্ট্রাইকিং ফোর্স' হিসেবে মোতায়েন করা হবে।
ঢাকা বিভাগে প্রার্থী
ঢাকা বিভাগের ৬৩ পৌরসভায় মেয়রপদে ২৯৯ জন, সংরক্ষিত আসনে ৭৩৫ ও সাধারণ কাউন্সিলর পদে ২৭৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পৌরসভাগুলোয় সমসংখ্যক মেয়র পদ ছাড়াও ৫৯৪টি সাধারণ ও ১৯৮টি সংরক্ষিত কাউন্সিলর পদ রয়েছে।
এ বিভাগের ১৯ লাখ ৯৬ হাজার ৪২৮ ভোটারের জন্য সর্বমোট ৯৭৭ ভোটকেন্দ্র ও ৫হাজার ৮৯৬টি ভোটকক্ষ রয়েছে।
ঢাকা বিভাগের পর আগামী ১৮ জানুয়ারি চট্টগ্রাম ও সিলেট বিভাগের পৌরসভাগুলোয় নির্বাচন হবে। এছাড়া ২৭ জানুয়ারি আরো ১৪ পৌরভার নির্বাচন হবে।
ইতোমধ্যে দু'দফায় রংপুর ও রাজশাহী বিভাগে ১২ জানুয়ারি এবং খুলনা ও বরিশাল বিভাগের ৪৯ পৌারসভায় ১৩ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/এমআই/১১১১ ঘ.
bdnews24