মুন্সীগঞ্জ/মানিকগঞ্জ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় চারটি ঘাটে আটকে আছে কয়েকশ গাড়ি।
শুক্রবার রাত পৌনে ১১টা থেকে মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা না কাটায় শনিবার সকাল ১০টা পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মুন্সীগঞ্জের মাওয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুয়াশার কারণে নদীতে খুব কাছের কিছুও দেখা যাচ্ছিলো না। তাই রাত পৌনে ১১টায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
পাঁচটি ফেরি মাঝ নদীতে আটকে আছে বলে জানান তিনি। এগুলো হলো- এমভি বরকত, শাহ মকদুম, রানীক্ষেত, টাপলু ও কাকলী। যাতে প্রায় ৮০০ যাত্রী রয়েছে।
এদিকে দীর্ঘ সময় পারাপার বন্ধ থাকায় কয়েকশ গাড়ি আটকে আছে মাওয়া ও কাওড়াকান্দি ঘটে। সকালে গাড়ি সে লাইন আরো দীর্ঘ হয়েছে।
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে।
বিআইডব্লিউটিসি'র আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুয়াশায় পথ দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাটুরিয়ায় পাঁচটি এবং দৌলতদিয়ায় ছয়টি ফেরি নোঙর করে রয়েছে।
পারপার বন্ধ থাকায় ঘাট দুটিতে প্রায় আটশ গাড়ি আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আটকে থাকা এসব যানবাহনের যাত্রী ও শ্রমিকেরা কনকনে শীতে দুর্ভোগ পোহাচ্ছেন।
শীতের তীব্রতার সঙ্গে ঘন কুয়াশা থাকায় গত এক সপ্তাহ ধরে প্রতিদিনই দক্ষিণাঞ্চলের এই দুই রুটে ফেরি চলাচল দীর্ঘ সময় বন্ধ রাখতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩০ ঘ.
bdnews24