আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস সঙ্কট থেকে শিগগিরই মুক্তি মিলছে না রাজধানীবাসীর। উত্তরণে নানা উদ্যোগের কথা শোনা গেলেও কবে পরিত্রাণ পাওয়া যাবে এর কোনো সদুত্তর নেই খোদ কর্তৃপক্ষের কাছে।
তারা বলছে, চাহিদার বিপরীতে অপর্যাপ্ত উৎপাদন এবং সরু সঞ্চালন লাইনের কারণে বিভিন্ন এলাকায় এ সমস্যা দেখা দিয়েছে।
অবশ্য কবে নাগাদ উৎপাদন বাড়ানো এবং সেই সঙ্গে মোটা সঞ্চালন লাইন স্থাপন করা যাবে এর কোনো যুৎসই জবাব পাওয়া যায়নি।
গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) খালিদ হাসান এ সপ্তাহে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিদিন দেশে গ্যাসের চাহিদা ২৫০ কোটি ঘনফুট। এর বিপরীতে উৎপাদন প্রায় ২০০ কোটি ঘনফুট। ফলে ঘাটতি থাকছে ৫০ কোটি ঘনফুট গ্যাস।"
তাছাড়া সঞ্চালন লাইন সরু হওয়ায় ঢাকায় গ্যাসের চাপ কম থাকে জানিয়ে তিনি বলেন, "মোটা সঞ্চালন লাইন বসানো না গেলে এ থেকে উত্তরণের কোনো উপায় নেই।"
রাজধানী এবং আশপাশের এলাকার আবাসিক ও বাণিজ্যিক এলাকা মিলিয়ে তিতাসের গ্রাহক সংখ্যা বর্তমানে প্রায় ১৬ লাখ।
সরেজমিনে জানা গেছে, নগরীর মোহাম্মদপুর, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, তালতলা, মিরপুর, জিগাতলা, মেরাদিয়া, নয়াটোলা, জুরাইন, হাজারীবাগ, বাড্ডা, কুড়িল, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, শনির আখড়া, বাসাবো, বসুন্ধরা, মগবাজার, আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও কচুক্ষেত এলাকায় তীব্র গ্যাস সঙ্কট চলছে। গ্যাসের পাইপলাইনে চাপ কম থাকায় এসব এলাকার বেশিরভাগ বাড়িতে চুলা জ্বলে না। মাঝে মাঝে জ্বললেও নিবুনিবু অবস্থা।
মিরপুর এলাকার বাসিন্দা রেশমা খাতুন গ্যাস সঙ্কটে ক্ষোভ প্রকাশ করে বলেন, "শীত আসার পর ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত গ্যাস থাকে না। এরপর গ্যাস এলেও রাত ১০টা পর্যন্ত লাইনে চাপ থাকে না।"
মগবাজারের গ্রিনওয়ে এলাকার বাসিন্দা রাজিয়া সুলতানা জানান, গ্যাসের অভাবে তারা দিনে রান্না করতে পারেন না। রাত জেগে রান্না-বান্নার কাজ করতে হয়।
মোহাম্মদপুরের করিম হোসেন বলেন, "দুপুরে পিক আওয়ারে মিটিমিটি করে চুলা জ্বলে। সন্ধ্যা পর্যন্ত থাকে এই অবস্থা।"
এ ব্যাপারে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আজিজ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাধারণত শীতে গ্যাসের ঘাটতি বেড়ে যায়। ফলে বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করা সম্ভব হয় না।"
নগরীর বিভিন্ন এলাকায় নতুন মোটা সঞ্চালন লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলছেন, অবহেলা ও অদক্ষতার কারণেই জ্বালানি খাতে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
তবে নতুন গ্যাসকূপ খননের মাধ্যমে গ্যাসের উৎপাদন বাড়ানোর উদ্যোগের কথা জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/এমআই/২৩০০ ঘ.
bdnews24