মাদারীপুর, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার ২৬ দিন পর মাদারীপুরের রাজৈর উপজেলার অপহৃত এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত জিহাদ বেপারী (৮) উপজেলায় হাসানকান্দি গ্রামের নূর ইসলাম বেপারীর ছেলে। সে হাসানকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ত।
শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। গত ২০ ডিসেম্বর থেকে জিহাদ নিখোঁজ ছিল।
জিহাদের মামা আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০ ডিসেম্বর এক প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পর থেকে জিহাদ নিঁখোজ থাকে। এরপর মোবাইল ফোনে অপহরণকারীরা ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে পচা গন্ধ পেয়ে তার লাশের খোঁজ পাওয়া যায়।
এ ঘটনায় গত ২৪ ডিসেম্বর রাজৈর থানায় তিনি (আবুল বাশার) একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রাজৈর থানার উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, "অপহরণকারী দলের তিন সদস্যকে খুলনার দৌলতপুর থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরা হলেন- মাদারীপুর সদরের ঘুনসী এলাকার আফজাল, শাহিন ও মস্তফাপুর গ্রামের সেলিম।
নিহতের মামার করা সাধারণ ডায়েরি রাজৈর থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24