২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি খালি না রেখে চাষ করুন: প্রধানমন্ত্রী

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য জমি খালি না রেখে তাতে চাষাবাদ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2011, 11:47 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

গাজীপুর, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য জমি খালি না রেখে তাতে চাষাবাদ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার গাজীপুরের কাশিমপুরের তেতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল এবং নার্সিং কলেজের ভিত্তিস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, "আমরা নিজেরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে না পারলে, বাইরে থেকে খাদ্য আমদানি করে চাহিদা মেটানো সম্ভব নয়। এজন্য জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা প্রতি ইঞ্চি জমিতে চাষাবাদ করুন। কোনো জায়গা পতিত রাখবেন না। আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতেই হবে।" তিনি আওয়ামী লীগের আগের মেয়াদের সফলতা তুলে ধরে বলেন, "আমাদের ১৯৯৬-২০০১ মেয়াদে দেশে স্বর্ণ যুগের সূচনা হয়েছিল। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সর্বক্ষেত্রে আমরা বৈপ্লবিক পরিবর্তন এনেছিলাম। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিলো। মুদ্রাস্ফীতি ১ দশমিক ৯ শতাংশে নেমে এসেছিলো। "বিএনপি-জামায়াত জোট সরকারের ৫ বছর এবং পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে দেশ পিছিয়ে গেছে অনেক। এবার দায়িত্ব নেওয়ার পর আমাদের আবার সবকিছু নতুন করে শুরু করতে হয়েছে। "সর্বক্ষেত্রে অব্যবস্থাপনা এবং জঞ্জাল দূর করে আমাদের এগুতে হচ্ছে। তার ওপর বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং আন্তর্জাতিক বাজারে জিনিসপত্র, বিশেষ করে খাদ্য শস্যের দামের ঊর্ধ্বগতি আমাদের মোকাবেলা করতে হচ্ছে।" সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বোন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সহ-সভাপতি শেখ রেহেনা, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে এইচটি ইমাম, সালমান এফ রহমান, মহীউদ্দীন খান আলমগীর, সাহারা খাতুন, জাহাঙ্গীর কবির নানক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অংশীদারিত্বে (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ প্রকল্পের আওতায়) কাশিমপুরের সারাব মৌজায় ৬ দশমিক ১৩ একর জমিতে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হচ্ছে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২১৫ কোটি টাকা। যার ৭৯ ভাগ সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ২১ ভাগ ব্যয় নির্বাহ করবে মেমোরিয়াল ট্রাস্ট। ২০১২ সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হওয়ার সময়কাল নির্ধারণ করা হয়েছে । বিদ্যুৎ পরিস্থিতির উন্নতিতে সরকার সচেষ্ট জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আমরা ইতোমধ্যে ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করেছি। ২৯৪১ মেগাওয়াট ক্ষমতার ৩৩টি বিদুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর করা হয়েছে।" প্রতিবন্ধীদের চিকিৎসাসেবা দেওয়ার লক্ষে পাঁচ জেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, "প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী ডে-কেয়ার সেন্টার স্থাপন ও প্রতিবন্ধী কমপেক্স স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে।" প্রধানমন্ত্রী বলেন, "দেশের সব জেলায় শিশু বিকাশ কেন্দ্র স্থাপন করা হবে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে ৬টি শিশু বিকাশ কেন্দ্র স্থাপন করা হয়েছে।" বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো একটি শোষণ-বঞ্চনামুক্ত সুখী-সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করা- উল্লেখ করে হাসিনা বলেন, "কিন্তু ঘাতকেরা তার সে স্বপ্ন বাস্তবায়িত হতে দেয়নি। বাংলার ঘরে ঘরে সুখ ও সমৃদ্ধি পৌঁছে দিয়ে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার প্রতিশোধ নেবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৭৪৪ ঘ.