২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়নুল আবদিন দুর্ঘটনায় আহত

বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক ফেনীতে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2011, 10:23 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ফেনী, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক ফেনীতে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। শুক্রবার বেলা ৩টার দিকে ফেনীর লালপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে জয়নুল আবদিনের পাজারো জীপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়িটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় জয়নুল আবদিনের ব্যক্তিগত সহকারী মোক্তার হোসেন পাটোয়ারী ও গাড়িচালক জাহাঙ্গীর আলম গুরুতর আহত হয়েছেন। আহত তিনজনকেই ফেনী শহরের মহিপালের উপশম হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বিএনপি নেতা জয়নুল শঙ্কামুক্ত হলেও আহত অপর দুজনের অবস্থা গুরুতর। চট্টগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের একটি কর্মসূচি শেষে নোয়াখালী ফেরার পথে এ দুর্ঘটনায় পড়েন তিনি। জয়নুল আবদিন সাংবাদিকদের জানান, তারা চট্টগ্রাম থেকে নোয়াখালী যাচ্ছিলেন। লালপুলে পৌঁছালে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরগামী শাহী পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. জয়নাল সাংবাদিকদের জানান, বাসটি আটক করা হয়েছে। উপশম হাসপাতালের জরুরি বিভাগে জামিল আহমদ ও আব্দুল মতিনের নেতৃত্বে তাদের চিকিৎসা চলছে। তারা জানিয়েছেন, জয়নুল আবদিন পা ও পিঠে আঘাত পেলেও শঙ্কামুক্ত। তবে মোক্তার ও জাহাঙ্গীরের আঘাত গুরুতর। দুর্ঘটনায় জয়নুল আবদিনের আহত হওয়ার খবরে স্থানীয় বিএনপির অসংখ্য নেতাকর্মী ও এলাকাবাসী উপশম হাসপাতালে ভিড় জমায়। হাসপাতালের পরিচালক হুমায়ূন কবির জানিয়েছেন, আহতদের সুচিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন সবই করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এজে/১৬৫৫ ঘ.