২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বিএনপির প্রাধান্য

যশোরের সাতটি পৌরসভার একটি বাদে বাকিগুলোতে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 05:59 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

যশোর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের সাতটি পৌরসভার একটি বাদে বাকিগুলোতে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী। বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন- চৌগাছা, কেশবপুর, সদর, বাঘারপাড়া, মনিরামপুর ও নোয়াপাড়া পৌরসভায়। বেনাপোলে নির্বাচিত হয়েছেন সরকারি দল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। বৃহস্পতিবার রাতে নির্বাচন কর্মকর্তারা সাত পৌর সভার ফল ঘোষণা করেন। চৌগাছা পৌরসভায় সেলিম রেজা আওলিয়ার পাঁচ হাজার ৭৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সাইফুর রহমান বাবুল পেয়েছেন চার হাজার এক ভোট। চৌগাছার রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন এ ফল ঘোষণা করেন। কেশবপুরে বর্তমান মেয়র আবদুস সামাদ বিশ্বাস আট হাজার ৫৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মিলন মিত্র পেয়েছেন পাঁচ হাজার ১৫১ ভোট। কেশবপুরের রিটার্নিং কর্মকর্তা সাহিদা সুলতানা ফল ঘোষণা করেন। যশোর জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, এই পৌরসভায় ৪১ হাজার ৯০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত মারুফুল ইসলাম মারুফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত এস এম কামরুজ্জামান চুন্নু পেয়েছেন ২৯ হাজার ৪৪৬ ভোট। বাঘারপাড়া পৌরসভায় বিএনপি সমর্থিত আবদুল হাই মনা এক হাজার ৪০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওমী লীগ সমর্থিত কামরুজ্জামান বাচ্চু এক হাজার ২৭৮ ভোট পেয়েছেন। বাঘারপাড়ার ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মনিরুল আলম। মনিরামপুর পৌরসভায় বিএনপি সমর্থিত সহিদ মো. ইকবাল ছয় হাজার ৫৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত আমজাদ হোসেন লাবলু চার হাজার ৫৬২ ভোট পেয়ে পরাজিত হন। মনিরামপুরের রিটার্নিং কর্মকর্তা এই ফল ঘোষণা করেন। অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভায় বিএনপি সমর্থিত রবিউল হোসেন রবি ১৯ হাজার ৪৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত এনামুল হক বাবুল পেয়েছেন ১৮ হাজার ৮১৬ ভোট। রিটার্নিং বিশ্বাস রাসেল হোসেন নির্বাচনের ফল ঘোষণা করেন। শার্শা উপজেলার বেনাপোল পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত আশরাফুল আলম লিটন মেয়র নির্বাচিত হয়েছেন। রিটার্রিং কর্মকর্তা কামরুল আরিফ জানান, দোয়াত-কলম প্রতীক নিয়ে আশরাফুল পেয়েছেন আট হাজার ৭৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত নাজিম উদ্দিন দেয়াল ঘড়ি নিয়ে পান সাত হাজার ৫১৬ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩৫৩ ঘ.