ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় একটি মোবাইল অপারেটর ওয়ারিদের শেয়ার কেনার সময় সরকার দুর্নীতি করেছে- বিরোধীদলীয় নেতার এই অভিযোগ নাচক করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ বলেছেন, আইন অনুযায়ীই সবকিছু হয়েছে।
তিনি বলেন, "ভারতীয় কম্পানি এয়ারটেলকে আইন অনুয়ারী শেয়ার দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি হয়নি। তাছাড়া শেয়ার হস্তান্তরের ব্যাপারে টেলিযোগাযোগ আইনে ফি'র কোনো নির্দিষ্ট বিধান নেই।"
এর আগে গত ৯ জানুয়ারি দেশবাসীর উদ্দেশে এক ভাষণে খালেদা জিয়া অভিযোগ করেছিলেন, ধাবি গ্র"পের কাছ থেকে ওয়ারিদ টেলিকমের ৭০ শতাংশ শেয়ার কেনার সময় সরকার অবৈধভাবে ভারতীয় এয়ারটেলকে ৪শ' কোটি টাকা ট্রান্সফার ফি মাফ করে দিয়েছে।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, ইতোপূর্বে জাপানি কোম্পানি ডকোমো একটেলের ৩০ শতাংশ শেয়ার কেনার সময় ওই সময়কার বিএনপি সরকার ১৩৫ কোটি টাকা ট্রান্সফার ফি আদায় করেছিল।
বিরোধীদলীয় নেতার এ অভিযোগের সমালোচনা করে জিয়া আহমেদ আরো বলেন, "তারা বিদেশি বিনিয়োগ নষ্ট করতে চায় বলে এ ধরনের বক্তব্য দিয়েছে। তারা অতীতেও এ কাজ করেছে।"
রাজধানীতে বিটিআরসির সম্মেলন কক্ষে 'কমিশনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা' শীর্ষক এ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে কমিশন চেয়ারম্যান আরো বলেন, "আগে নির্দিষ্ট ফি'র বিধান থাকলেও বিদেশি বিনিয়োগের কথা বিবেচনা করে এখন তা সংশোধন করা হয়েছে।"
অপারেটরদের স্থাপনা পরিদর্শন ও বিশেষ অডিটের জন্য প্যানেল সিএ ফার্ম নিয়োগের প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, মোবাইল অপারেটরদের হিসেব অডিট করা হবে। তারা কত আয় করছে তা অডিট করে জানানো হবে। অপারেটররা তথ্য গোপন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট স্থাপন করা হবে জানিয়ে চেয়ারম্যান বলেন, এ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর ৩০টি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়ে প্রস্তাব করেছে। এসব প্রস্তাব যাচাই করে শিগগির উপযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হবে।
সংবাদ সম্মেলনে ২০০৮-০৯ অর্থবছর থেকে চলতি বছর পর্যন্ত টেলিযোগাযোগ খাতে রাজস্ব আয়ের পরিসংখ্যান তুলে ধরেন জিয়া আহমেদ।
তিনি জানান, চলতি বছর পর্যন্ত টেলিযোগাযোগ খাত থেকে ৬ হাজার ৬'শ ৫৯ কোটি ৫৪ লাখ টাকা রাজস্ব আয় এসেছে। গত দুই বছরে টেলিকম গ্রাহক সংখ্যা ৪ কোটি ৬০ লাখ থেকে বেড়ে ৬ কোটি ৯৭ লাখে দাঁড়িয়েছে। ফলে টেলিডেনসিটি ৩২ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৮০ শতাংশ।
এ সময়ের মধ্যে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৪৮ লাখ থেকে বেড়ে ১ কোটি হয়েছে বলেও জানান বিটিআরসি চেয়ারম্যান।
দেশের ৯৯ শতাংশ মানুষ এবং ৯০ শতাংশ এলাকা টেলিযোগাযোগ নেটওয়ার্কের আওতায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চল ও সমুদ্রও কভারেজে নিয়ে আসার চেষ্টা চলছে।
ইন্টারনেট ব্যান্ডউইথের দাম ফের কমিয়ে ১২ হাজার টাকায় নিয়ে আসার সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানান চেয়ারম্যান জিয়া।
অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিটিআরসি এ পর্যন্ত ২৬ ধরনের ৮৩২টি টেলিকম লাইসেন্স দিয়েছে। এর মধ্যে জানুয়ারি ২০০৯ থেকে ডিসেম্বর ২০১০ পর্যন্ত দেওয়া হয়েছে মোট ৪৪৭টি লাইসেন্স।
জিয়া আহমেদ আরো জানান, ব্রডব্যান্ড ওয়ারলেস এক্সেস সার্ভিস দেওয়ার জন্য দু'টি কম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছে। বাংলা লায়ন ও কিউবিকে লাইসেন্স দেওয়ার পর তারা কাজ শুরু করেছে। বিটিআরসি ও ম্যাংগো টেলিকমকে লাইসেন্স দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
আন্তজার্তিক ইনকামিং কল বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, "অবৈধ কল টার্মিনেশন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় ২০০৮ সালে আন্তজার্তিক কল গড়ে ২ কোটি ২৬ লাখ মিনিট থেকে বেড়ে গড়ে সাড়ে চার লাখ মিনিট হয়েছে। অবৈধ ভিওআইপি কার্যক্রম প্রতিরোধে গত দুই বছরে ২৫ হাজার ৫৩৭টি আইপি ঠিকানা ও গত বছর প্রায় ৫ লাখ সিম বন্ধ করা হয়েছে।"
জিয়া আহমেদ জানান, বাংলা ডোমেইন নামের জন্য ইন্টারনেট কর্পোরেশন ফর এসাইন নেমস অ্যান্ড নাম্বার এ অন্তর্ভুক্তি করার আবেদন করা হয়েছে।
এছাড়া জাতীয় তরঙ্গ বরাদ্দকরণ (ন্যাশনাল ফ্রিকোয়েন্সি বরাদ্দকরণ) নীতিমালা পর্যালোচনা এবং সর্বশেষ সংশোধনী ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি।
মোবাইল নবায়ন (২জি মোবাইল) খসড়া নীতিমালা পরীক্ষাধীন আছে উল্লেখ করে কমিশন চেয়ারম্যান বলেন, ২০১১ নভেম্বরে চারটি মোবাইল অপারেটরদের লাইসেন্সের মেয়াদ শেষ হবে। আগামী জুনের মধ্যে থ্রিজি (তৃতীয় প্রজন্ম) সার্ভিস চালুর সম্ভবনা রয়েছে।
সংবাদ সম্মেলনে বিটিআরসির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/এইচএ/১৯০০ ঘ.
bdnews24