ফেনী, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর সোনাগাজীতে এক মুক্তিযোদ্ধাকে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এই মুক্তিযোদ্ধার নাম আবুল হাসেম (৬০)। বাড়ি সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামে। তিনি বাজারে রং মিস্ত্রির কাজ করতেন। বৃহস্পতিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
আবুল হাসেমের মেয়ে ফারজানা ইয়াসমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বাবার সঙ্গে বাড়ির রাস্তার জায়গা নিয়ে প্রতিবেশী জামাল উদ্দিন, মৌলভী বাড়ির মইনউদ্দিনের ছেলে কফিল উদ্দিন, কামাল উদ্দিন, নুর উদ্দিন ও জহির উদ্দিনের বিরোধ ছিলো।
হাসেমের স্ত্রী আয়েশা আক্তার বলেন, "কয়েক মাস আগে তারা আমার স্বামীকে মারধর করে একটি গাছের সঙ্গে বেঁধে রেখেছিলো। তারাই বুধবার রাতে হাসেমকে বাড়ির কাছে একটি জমিতে শ্বাসরোধ করে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।"
সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাসিরুদ্দিন জানান, হাসেশ মুক্তিযোদ্ধা ছিলেন। ময়না তদন্তের পর লাশ এলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
তিনি দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সোনাগাজী থানার ওসি নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাড়ির পাশেই একটি গাছ থেকে পুলিশ হাসেমের লাশ উদ্ধার করেছে। তার গায়ে কাদা মাটি লেগে ছিলো। প্রাথমিকভাবে একে আত্মহত্যা মনে হয়নি।"
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফেনীর পুলিশ সুপারিনটেনডেন্ট মো. ইমাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্র্রহণ করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/এমএসবি/১৮১৮ ঘ.
bdnews24