নীলফামারী, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সৈয়দপুর পৌর নির্বাচনের পর ছিনতাই হওয়া ব্যালট ও নির্বাচনী সামগ্রীভর্তি বস্তাটি এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় এক হাজার ২০০ জনকে আসামি করে সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাতে সৈয়দপুর ১৫ নম্বর ওয়ার্ডের একজন পরাজিত কাউন্সিলর প্রার্থী নির্বাচন সামগ্রীর বস্তাটি ছিনিয়ে নিয়ে যায়। তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন জানিয়েছেন, ১৫ নম্বর ওয়ার্ডের মিস্ত্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গোলজার হোসেন রাতেই মামলাটি করেছেন।
আসামিদের বিরুদ্ধে দলবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ করে সরকারি কাজে বাধা, ভাংচুর ও ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে।
ওসি জানান, এর আগে ৯টার দিকে ব্যালট, মুড়ি, সিলসহ নির্বাচনসামগ্রীর বস্তা নিয়ে গোলজার হোসেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফিরছিলেন।
তখন পরাজিত কাউন্সিলর প্রার্র্থী আবুল কাশেম দুলু তা ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় কর্তব্যরত পুলিশ ১৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
নির্বাচন সামগ্রী ছিনতাইয়ের ঘটনায় বুধবার রাতে সৈয়দপুর পৌরসভার নির্বাচনের ফল ঘোষণা বন্ধ রাখা হয়।
পুলিশ কর্মকর্তা জানান, ছিনতাই হওয়া নির্বাচন সামগ্রী উদ্ধারে বুধবার রাত থেকেই সৈয়দপুর পুলিশ ও র্যাব-৫ এর একটি দল অভিযান শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৪ ঘ.
bdnews24