২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীর এসিড নিয়ে নিল আফসানার প্রাণ

ঢাকার কেরানীগঞ্জে দুস্কৃতকারীর নিক্ষিপ্ত এসিডে দগ্ধ ১১ মাসের শিশু আফাসানা মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 11:01 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে দুস্কৃতকারীর নিক্ষিপ্ত এসিডে দগ্ধ ১১ মাসের শিশু আফাসানা মারা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আফসানা মারা যায় বলে জানান এই ইউনিটের পরিচালক ডা. সামন্তলাল। গত ১১ডিসেম্বর কেরানীগঞ্জ মডেল থানার উত্তর বাহের চর এলাকায় সুরুজ মিয়ার বাড়িতে তার তিন মেয়ে ও এক নাতনির ওপর এসিড নিক্ষেপ করে ভাকুর্তা গ্রামের সোহেল। এতে তিন বোন সুরাইয়া বেগম (২৮), নাজমা বেগম (২৫), আসমা বেগম (২০) ও আসমা বেগমের মেয়ে আফসানার শরীর দগ্ধ হয়। সুরাইয়া, নাজমা, আসমা ও আফসানা এতদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তিন বোনের অবস্থার উন্নতি হলেও দিন দিন আফসানার অবস্থার অবনতির ঘটতে থাকে। নাজমা ১১ ডিসেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বছর তিনেক আগে পাশের গ্রাম সাভারের ভাকুর্তা ইউনিয়নের খলিলুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। "খলিলুরের আগের এক স্ত্রী রয়েছে। ওই স্ত্রীর ভাই সোহেল তাদের ওপর এসিড নিক্ষেপ করে।" কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনার মূল আসামি সোহেল ও তার ভাই ফারুককে গ্রেপ্তার করা হয়েছে।" সোহেল এসিড নিক্ষেপের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি বলেন, "এসিড নিক্ষেপ করে শিশু হত্যার কথা অভিযোগপত্রে যুক্ত হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৬৫১ ঘ.