২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার হাতে খুন

ব্যবসার টাকা নিয়ে বিবাদের জের ধরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাবা ও ছোট ভাইয়ের হাতে একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 07:49 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসার টাকা নিয়ে বিবাদের জের ধরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাবা ও ছোট ভাইয়ের হাতে একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত আল-আমিনের (৩২) বাবা খোরশেদ আলম (৫৫) এবং ছোট ভাই আলমগীরকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তারা তেজগাঁও শিল্পাঞ্চলের উত্তর বেগুনবাড়ির সিরাজ মিয়ার বাসার ভাড়াটে। ওই এলাকায়ই তাদের পান-সিগারেটের ব্যবসা আছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোরশেদ আলম স্বীকার করেছেন, বুধবার রাত ১২টার পর ব্যবসার টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আলমগীর ও তিনি আল-আমিনকে মারধর করেন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। ওসি বলেন, "খবর পেয়ে এসআই আব্দুল কুদ্দুস ওই বাসা থেকে আল-আমিনকে উদ্ধার করে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।" ময়না তদন্তের জন্য আল-আমিনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এজে/১৩৪০ ঘ.