২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিএনপির প্রাধান্য, রংপুরেও এগিয়ে

রাজশাহী ও রংপুর বিভাগের ৭২টি পৌরসভার মধ্যে একটি ছাড়া সবগুলো ফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 09:42 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী ও রংপুর বিভাগের ৭২টি পৌরসভার মধ্যে একটি ছাড়া সবগুলো ফল ঘোষণা করা হয়েছে। তবে সৈয়দপুর পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী ১৬ হাজারের বেশি ভোটে এগিয়ে আছে। একটি কেন্দ্রে একটি কাউন্সিলর প্রার্থী ব্যালট ছিনতাই করায় এই পৌরসভার ২৭টি কেন্দের মধ্যে তিনটির ফল এখনো ঘোষণা করা হয়নি। রংপুর বিভাগে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে সামান্য এগিয়ে বিএনপি সমর্থিত প্রার্থীরা। এই বিভাগের ২৩টি পৌরসভার মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা সাতটি পৌরসভায় জিতেছেন। বিএনপি সমর্থিত প্রার্থীরা সৈয়দপুর ছাড়া সাতটি পৌরসভায় জিতেছেন। এছাড়া স্বতন্ত্র তিনজন, জামায়াত সমর্থিত দুজন এবং জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত দুজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ বিভাগে আওয়ামী লীগের কোনো 'বিদ্রোহী' প্রার্থী নেই। কুড়িগ্রামে বিএনপির একজন 'বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে রাজশাহী বিভাগে বিএনপি সমর্থিত প্রার্থীরা সুস্পষ্ট ব্যাবধানে এগিয়ে আছেন। রাজশাহীর ৪৯টি পৌরসভার মধ্যে বিএনপি সমর্থিত ২৪ প্রার্থী নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জিতেছেন ১১টি পৌরসভায়। এছাড়া স্বতন্ত্র তিনজন, জামায়াত সমর্থিত তিনজন নির্বাচিত হয়েছেন। 'বিদ্রোহীদের' মধ্যে আওয়ামী লীগের পাঁচজন, বিএনপি'র তিনজন মেয়র নির্বাচিত হয়েছেন। বুধবার এই দুই বিভাগের ৭২টি পৌরসভায় নির্বাচন হয়। কোনো ধরনের গোলযোগ ছাড়ই সকাল ৮টা থেকে বিকাল ৪টার পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। বিরোধীদল বিএনপিও বলেছে, নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। এ দুই বিভাগের নির্বাচনযোগ্য পৌরসভাগুলোয় ভোটার সংখ্যা মোট ২১ লাখ ২৪ হাজার ৩১। রাত সাড়ে ৭টার দিকে নির্বাচন কর্মকর্তা বিভিন্ন পৌরসভার নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়। এখনো বিভিন্ন স্থান থেকে ফল আসছে। পৌরসভা নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো প্রভাব বিস্তার করা হয়নি বলে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন নোয়াখালীতে এক সভায় বলেছেন। নির্বাচন কমিশনার এস সাখাওয়াত হোসেন ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, "৬০ থেকে ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে আমরা ধারণা করছি।" প্রচণ্ড শীতের কারণে ভোট কম পড়েছে বলে বলে তার ধারণা। তবে কোথাও কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়নি বলে জানান সাখাওয়াত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এমএইচসি/ডিডি/এমএসবি/০৩২৪ ঘ.