ঢাকা, ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পণ্যের গুণগত মান নিরূপণে জাতীয় রাসায়নিক পরিমাপণ (কেমিক্যাল মেট্রোলজি) কৌশলপত্র জাতীয় নীতি হিসেবে গৃহীত হয়েছে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান কৌশলপত্রের মোড়ক উন্মোচন করেন।
এর মধ্য দিয়ে কৌশলপত্রটি জাতীয় নীতি হিসেবে গৃহীত হয়েছে বলে আইসিএসএল'র প্রকল্প পরিচালক ড. মালা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, এই কৌশলপত্র প্রণয়নের মধ্য দিয়ে দেশের রাসায়নিক পরীক্ষা-নিরীক্ষা ও পরিমপাণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ গ্রহণযোগ্যতা লাভ করবে।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ইন্সট্রুমেন্ট এন্ড কেলিব্রেশন সার্ভিস ল্যাবরেটরির (আইসিএসএল) প্রকল্প পরিচালক ড. মালা খান জাতীয় রাসায়নিক পরিমাপণ কৌশলপত্র নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
এতে বলা হয়, পণ্যের গুনগত মান নিয়ে বাংলাদেশের গবেষণাগুলোর ৫৩ শতাংশ তথ্যই গ্রহণযোগ্য নয়। ফলে পণ্য সম্পর্কে দেওয়া সনদগুলো আন্তর্জাতিক বাজারেও গ্রহণযোগ্যতা পায় না। পণ্য রপ্তানির সময় নতুন করে পরীক্ষণ করাতে হয়। এতে খরচ বেড়ে যায়।
বাংলাদেশে ১০ হাজারের মতো টেস্টিং ল্যাববেটরি থাকলেও তাদের পরীক্ষণের মান নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে এদের পরীক্ষণ সনদ গ্রহণযোগ্যতা পাচ্ছে না।
আমদানি পণ্যগুলোর গুণগত মান ঠিক আছে কি না তা পরীক্ষার জন্যও বাংলাদেশে গবেষণাগার নেই।
মালা খান জানান, আইসিএসএল'র নেতৃত্বে রাসায়নিক পরিমাপণ বিষয়ক আট ধরনের সেবা সম্বলিত রেফারেন্স ল্যাবরেটরি প্রতিষ্ঠার পরিকল্পনা, পরীবিক্ষণ মূল্যায়ণ এবং নিয়ন্ত্রণে এই কৌশলপত্রটি সহায়ক হবে।
এ কৌশলপত্র গৃহীত হওয়ার মাধ্যমে চিংড়ি, চা, পাট, চামড়াজাত পণ্য রপ্তানিতে আর সমস্যায় পড়তে হবে না বলেও মত দেন আইসিএসএল'র প্রকল্প পরিচালক।
বিসিএসআইআর'র চেয়ারম্যান এসএম ইনামুল হক কৌশলপত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সম্পাদক নাইয়ুম চৌধুরী, বিসিএসআইআর'র সাবেক চেয়ারম্যান ড. মসিহুজ্জামান ও বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বসাক কৌশলপত্রের ওপর আলোচনায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২৩০০ ঘ.
bdnews24