ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী ও রংপুর বিভাগের ৭২ পৌরসভায় মেয়র পদে বিরোধীদল বিএনপি সমর্থিত ৩২ প্রার্থী নির্বাচিত হয়েছেন। ১৮ পৌরসভায় জিতেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।
চার পৌরসভায় বিএনপি'র বিদ্রোহী প্রার্থী ও পাঁচ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন।
এছাড়া স্বতন্ত্র ছয়জন, জামায়াত সমর্থিত পাঁচজন ও জাতীয় পার্টি সমর্থিত দুজন মেয়র নির্বাচিত হয়েছেন।
বুধবার এই দুই বিভাগের ৭২টি পৌরসভায় নির্বাচন হয়। কোনো ধরনের গোলযোগ ছাড়ই সকাল ৮টা থেকে বিকাল ৪টার পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
বিরোধীদল বিএনপিও বলেছে, নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে।
এ দুই বিভাগের নির্বাচনযোগ্য পৌরসভাগুলোয় ভোটার সংখ্যা মোট ২১ লাখ ২৪ হাজার ৩১।
রাত সাড়ে ৭টার দিকে নির্বাচন কর্মকর্তা বিভিন্ন পৌরসভার নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়।
পৌরসভা নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো প্রভাব বিস্তার করা হয়নি বলে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন নোয়াখালীতে এক সভায় বলেছেন।
নির্বাচন কমিশনার এস সাখাওয়াত হোসেন ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, "৬০ থেকে ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে আমরা ধারণা করছি।"
প্রচণ্ড শীতের কারণে ভোট কম পড়েছে বলে বলে তার ধারণা। তবে কোথাও কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়নি বলে জানান সাখাওয়াত।
রংপুর বিভাগ
এ বিভাগের নীলফামারী, উলিপুর, গোবিন্দগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজুরের সেতাবগঞ্জ, লালমরিহাট ও বদরগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ ও মহাজোট সমর্থিত প্রার্থীরা।
এ বিভাগে বিএনপি সমর্থিতরা মেয়র নির্বাচিত হয়েছেন পঞ্চগড়, রানীশংকৈল, পীরগঞ্জ, নীলফামারীর জলঢাকা ও সৈয়দপুর, দিনাজপুর সদর, বিরামপুর ও হাকিমপুর পৌরসভায়।
জাতীয় পাটি সমর্থিত প্রার্থী নাগেশ্বরী ও হারাগাছ পৌরসভায় এবং জামায়াত সমর্থিত প্রার্থী সুন্দরগঞ্জ ও দিনাজুরের বীরগঞ্জ পৌরসভায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী পাটগ্রাম, গাইবান্ধা ও ফুলবাড়ী পৌরসভায় নির্বাচিত হয়েছেন। একটি কুড়িগ্রামে বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী জিতেছেন।
রাজশাহী বিভাগ
আওয়ামী লীগ সমর্থিত মেয়র নির্বাচিত পৌরসভাগুলো হলো- রাজশাহীর আড়ানী, নাটোরের গুরুদাসপুর, জয়পুরহাটের কালাই, বগুড়ার ধুনট, কাহালু, নাটোরের দুর্গাপুর, পাবনার ফরিদপুর, সাঁথিয়া, সিরাজগঞ্জের বেলকুচি, রাজশাহীর কাঁকনহাট ও মুণ্ডুমালা।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, জয়পুরহাটের পাঁচবিবি, রাজশাহীর তাহেরপুর এবং পাবনার ভাঙ্গুরা ও সুজানগর পৌরসভায় জিতেছেন আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী।
এ বিভাগে বিএনপি সমর্থিত মেয়র নির্বাচিত পৌরসভা- নাটোর, বড়াইগ্রাম, সিংড়া, নলডাঙ্গা, জয়পুরহাটের আক্কেলপুর, সিরাজগঞ্জ কাজীপুর, নওগাঁর নজীপুর, পাবনার ঈশ্বরদী, চাটমোহর, পাবনা, চাপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ, শাহজাদপুর, উল্লাপাড়া, বগুড়া, গাবতলী, সান্তাহার, শেরপুর, শিবগঞ্জ, নন্দীগ্রাম, রাজশাহীর ভবানীগঞ্জ, তানোর।
রাজশাহী কেশরহাট, সারিয়াকান্দি ও নাটোরের গোপালপুর পৌরসভায় নির্বাচিত হয়েছেন বিএনপি'র 'বিদ্রোহী প্রার্থী।
জামায়াত সমর্থিত প্রার্থী সিরাজগঞ্জের রায়গঞ্জ, রাজশাহীর কাটাখালী ও গোদাগাড়ী পৌরসভায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী জয়পুরহাট, চারঘাট ও নাচোল পৌরসভায় নির্বাচিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এমএইচসি/ডিডি/এমএসবি/০৩৩৫ ঘ.
bdnews24