২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টের সঙ্গে কথা বলতে রাজি টিআইবি

টিআইবির প্রতিবেদন মূল্যায়নে গঠিত সুপ্রিম কোর্টের কমিটির সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 02:18 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিআইবির প্রতিবেদন মূল্যায়নে গঠিত সুপ্রিম কোর্টের কমিটির সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বুধবার এক চিঠিতে সুপ্রিম কোর্টকে তাদের সম্মতির কথা অবহিত করেছেন। সুপ্রিম কোর্টের নিবন্ধক মো. আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেন। সরাসরি কথা বলার জন্য বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এক চা চক্রে টিআইবি কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। টিআইবির ওই চিঠিতে বলা হয়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান, ট্রাস্টি বোর্ডের সদস্য মোজাফফর আহমেদ ও নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সুপ্রিম কোর্টের ওই চা চক্রে যোগ দেবেন। বিচার বিভাগের দুর্নীতি নিয়ে জরিপ প্রতিবেদনের তথ্য পাওয়ার পর কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলতে বেলা সাড়ে ১২টার দিকে সুপ্রিম কোর্টের উপনিবন্ধক মো. বদরুল আলম ভূঞাঁ স্বাক্ষরিত চিঠি টিআইবির ওই তিন কর্মকর্তার কাছে পাঠানো হয়। গত ২৩ ডিসেম্বর টিআইবি প্রকাশিত এক জরিপে বলা হয়, সেবা খাতের মধ্যে বিচার বিভাগেই দুর্নীতি বেশি হয়। এর মধ্যে ঘুষ লেনদেন বেশি হয় উচ্চ আদালতে। এরপর গত ২৮ ডিসেম্বর ওই জরিপের সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত চেয়ে টিআইবিকে চিঠি দেয় সুপ্রিম কোর্ট। তবে তথ্য দেওয়ার পর তা অসম্পূর্ণ মনে করে বিস্তারিত তথ্য পাঠানোর জন্য ৩ জানুয়ারি টিআইবিকে দ্বিতীয় চিঠি দেওয়া হয়। এরপর টিআইবি জরিপ সংক্রান্ত সিডি পাঠালে তার ফাইল খোলা না যাওয়ায় গত ৬ জানুয়ারি তৃতীয় বারের মতো চিঠি পাঠায় সুপ্রিম কোর্ট। ওই জরিপ প্রতিবেদন প্রকাশের পর গত ২৬ ডিসেম্বর চট্টগ্রামে টিআইবিপ্রধান এম হাফিজউদ্দিন খান, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও গবেষক ওয়াহিদ আলমের বিরুদ্ধে দুটি মামলা হয়। ওই দুই মামলায় তাদের জানুয়ারি মাসের দুটি আলাদা তারিখে আদালতে হাজির হওয়ার নির্দেশ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/এইচএ/২০০৮ ঘ.