২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ বাংলাদেশি নিহত, লাশ আসবে বৃহস্পতিবার

মরিশাস যাওয়ার ১১ দিন পর সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের লাশ বৃহস্পতিবার দেশে আসবে। এতে এক মরিশাসীও মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মরিশাস যাওয়ার ১১ দিন পর সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের লাশ বৃহস্পতিবার দেশে আসবে। এতে এক মরিশাসীও মারা গেছেন। দুর্ঘটনায় চার বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের সাতজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। এরা হলেন- আখতার (বাবা: আলি আবজাল), আল মামুন (বাবা: কিমা ইউসুফ), জয় হোসেন (বাবা: তাহের মিয়া), মো. মোস্তাফিজুর রহমান (বাবা: মো. আব্দুল হাকিম), মো. রাকিবুল হাসান (বাবা: মো. আলি আফজাল), মোহাম্মদ সাইদুর (বাবা: রশিদ মিয়া রহমান) ও সাগর (বাবা: জাজু মিয়া)। নিহত বাকি তিনজনের বাড়ি কুমিল্লায়। এরা হলেন- মো. জাহিদুল (বাবা: জালালাউদ্দিন), মোক্তার (বাবা: মনু মোল্লা) ও সেলিম (বাবা: রেণু মিয়া)। আহতরা হলেন- মো. ইলিয়াস গাজী (বাবা: মো. হুজু গাজী), মামুন (বাবা: ধনু মিয়া), মো. হাসান সরকার (বাবা: মো. দুলাল সওদাগর) ও সুমন (বাবা: কুদ্দুস মিয়া)। এদের প্রথম তিনজনের বাড়ি কুমিল্লায়। সুমনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। আহতদের মধ্যে মো. ইলিয়াস গাজীর অবস্থা আশঙ্কাজনক। বুধবার মরিশাসের স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। কেনিয়ায় বাংলাদেশ হাই কমিশনের থার্ড সেক্রেটারি মো. সাখাওয়াৎ হোসেন বুধবার রাত ৮টার দিকে ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানান। তিনি বলেন, "নিহতদের লাশ আগামীকাল (বৃহস্পতিবার) এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরত যাবে বলে জানিয়েছেন মরিশাসে বাংলাদেশের অনারারি কনসাল।" নিহত-আহত বাংলাদেশিদের সবাই পেনডেমোনিও কোম্পানি লিমিটেড নামে একটি গার্মেন্টে কাজ করতেন। তারা সবাই সুইং মেশিন অপারেটর হিসেবে গত ৩১ ডিসেম্বর মরিশাস যান। কর্মস্থলে যাওয়ার সময় মরিশাসের সেন্ট জুলিয়ে দ্য অতমাঁ নামক স্থানে বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লরির মুখোমুখি সংঘর্ষে ১০ বাংলাদেশি ও বাসের মরিশাসী চালক ঘটনাস্থলেই মারা যান। চালকসহ বাসে যাত্রী ছিলো ১৫ জন। এর আগে বিকালে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মরিশাসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে সরকার।" দুর্ঘটনায় নিহত ও আহত বাংলাদেশি শ্রমিকদের পরিবারের সদস্যদের প্রতি মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী সমবেদনা জানিয়েছেন বলে জানান দীপু মনি। নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য মরিশাস সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/পিসি/পিডি/২১২২ ঘ.