ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রমের উপর স্থগিতাদেশের বিরুদ্ধে ঢাকার জেলা জজ আদালতে রিভিশন (পুনঃনিরীক্ষণ) আবেদন করেছে নির্বাচনে বিজয়ী সবুজ-আবদাল প্যানেল।
বুধবার জেলা জজ মো. জাহাঙ্গীর হোসেন বাদল আদালতে বসেননি বলে এ আবেদনের শুনানি হয়নি।
সবুজ-আবদাল পরিষদের আইনজীবী ওসমান গনি বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহষ্পতিবার এ আবেদনের শুনানি করবেন তারা।
সোমবার ঢাকার চতুর্থ সহকারী জজ শেখ মো. মুজাহিদ উল ইসলাম জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রমে স্থগিতাদেশ দেন। সেইসঙ্গে পুরনো কমিটিকে দায়িত্ব ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
গত ৩১ ডিসেম্বরে জাতীয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচনে সবুজ-আবদাল পরিষদ ১৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টিতে জয়লাভ করে।
নির্বাচনে কারচুপির অভিযোগ করে ফল প্রত্যাখান করে পরাজিত সারওয়ার-সাইফুল প্যানেল।
নির্বাচন অবৈধ ঘোষণার আদেশ চেয়ে গত ৫ জানুয়ারি মামলা করেন পরাজিত সভাপতি প্রার্থী গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল আলম।
শুনানি শেষে বিচারক দায়িত্ব হস্তান্তরের ওপর অর্ন্তর্বতীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেন। একই সঙ্গে বিবাদীদের কার্যক্রমে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না তার কারণ দর্শানোর আদেশ দেন।
পরদিন ১৩ বিবাদির আটজন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের বিরুদ্ধে লিখিত আপত্তি জানান এবং নিষেধাজ্ঞার আবেদন খারিজের আবেদন করেন। একই সময় বাদীপক্ষ অর্ন্তর্বতীকালীন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আবেদন করেন।
দুই আবেদনের ওপর শুনানি শেষে রোববার অধিকতর শুনানি হওয়ার কথা থাকলেও বিবাদি পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া উপস্থিত না থাকায় শুনানি হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/১৮১৯ ঘ..
bdnews24