চট্টগ্রাম, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীতে দুদিনব্যাপী লোক সংস্কৃতি উৎসব শুরু হচ্ছে শুক্রবার।
'অকৃত্রিম মাটির টানে' এ শ্লোগানকে সামনে রেখে গবেষণাধর্মী সংগঠন সমাজ সমীক্ষা সংঘ দ্বিতীয় বারের মতো এ উৎসবের আয়োজন করেছে।
বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানায় আয়োজক কমিটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লোকসংস্কৃতি উদযাপন পরিষদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবুল কাশেম।
তিনি জানান, শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঐতিহ্যবাহী লাঠিখেলা ও জয়পুরহাটের আদিবাসীদের ঘোড়া নৃত্য ও শোভাযাত্রার মাধ্যমে উৎসবের উদ্বোধন হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শোভাযাত্রা শেষে বিকালে ডিসি হিল মুক্তমঞ্চে উৎসবের উদ্বোধন ঘোষণা করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন। এ সময় আরো উপস্থিত থাকবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হক।
উৎসবের প্রথম দিনে চট্টগ্রাম আঞ্চলিক গানের গীতিকার ও সুরকার আব্দুল গফুর হালী, কথাসাহিত্যিক হরিশংকর জলদাশ এবং গীতিকার ও সুরকার সৈয়দ মহিউদ্দিন ড. রশীদ আল ফারুকীকে সম্মাননা জানানো হবে।
এছাড়া শুক্রবার সকালে একইস্থানে অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা।
উৎসবে মিডিয়া পার্টনার রয়েছে অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দেশটিভি ও রেডিও টুডে।
আয়োজকরা জানান, আকাশ সংস্কৃতির যুগে আঞ্চলিক সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। সংস্কৃতির এই ঐতিহ্যকে ধরে রাখা এবং পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই দ্বিতীয়বারের মতো এই উৎসবের আয়োজন করা হয়েছে।
উৎসবের প্রথমদিন থাকবে দেশাত্ববোধক গান, ত্রিপুরা গাইরিং কালচারাল ফোরামের আদিবাসী নৃত্য, রাধারমনের গান, ভাওয়াইয়া গান।
দ্বিতীয় দিনের আলোচনা সভায় অতিথি থাকবেন কথা সাহিত্যিক হাসান আজিজুল হক ও প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন।
সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মাইজভাণ্ডারী গান, ভাওয়াইয়া গান, শাহ আবদুল করিমের গান এবং মণিপুরী নৃত্য।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী সভাপতি দেবাশীষ রায়, নির্বাহী পরিচালক শিহাব চৌধুরী বিপ্লব, উৎসব কমিটির আহবায়ক প্রকৌশলী সালাউদ্দিন মারুফ, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল হাসান পিকু, গোলাম ফারুক ডলার, কল্লোল দাশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৫৫২ ঘ.
bdnews24