প্রকাশ বিশ্বাস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যামামলার আসামি ওসি রফিকুল ইসলাম কারাগারে প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা ভোগ করছেন বলে অভিযোগ এসেছে।
এ অভিযোগ জানিয়ে কলেজছাত্র কামরুল ইসলাম মোমিন হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ কারা কর্তৃপক্ষের প্রতি এর কারণ জানানোর আদেশ চেয়ে বুধবার আদালতে আবেদন করেছে।
ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম আগামী ১৮ জানুয়ারি এ আবেদনের ওপর দুই পক্ষের শুনানির জন্য দিন ঠিক করেছেন।
জাসদ ছাত্রলীগের ঢাকা মহানগর কমিটির নেতা মোমিন হত্যামামলা এ আদালতে বিচারাধীন। আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এসএম রফিকুল ইসলাম আবেদনটি করেন।
আবেদনে বলা হয়, ওসি রফিককে কারাগারে প্রথম শ্রেণীর মর্যাদা পাওয়ার জন্য তার আইনজীবীরা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে একটি আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২৯ জুন তৎকালীন মহানগর দায়রা জজ এএনএম বশির উল্লাহ কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিন্তু ওসি রফিক কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেণীর মর্যাদা পাওয়ার যোগ্য ব্যক্তি নন।
আবেদনে জানানো হয়, শুধু সংসদ সদস্য, যুগ্মসচিব, রাজনৈতিক দলের জেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যে সব পর্যায়ের ব্যক্তিরা কারাগারে প্রথম শ্রেণীর মর্যাদা পান, ওসি রফিক তার কোনটিতেই পড়েন না ।
বুধবার আদালতের আদেশের পর রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রথম শ্রেণীর মর্যাদা পাওয়ার নথিপত্র আদালত তলব করেছে। নথি ট্রাইব্যুনালের বিচারকের কাছে পৌঁছানো হলেই বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।"
পুলিশ কর্মকর্তা হিসেবে ওসি রফিককে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা এর আগেও দেওয়া হয়েছিলো, যা নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে।
গত ৬ জানুয়ারি আদালতে হাজিরা দিতে গিয়ে মামলার কার্যক্রম শুরুর আগে ওসি রফিককে দেখা যায় বারান্দায় মোবাইল ফোনে কথা বলতে। তখন তার হাতে হাতকড়াও ছিলো না। এক পর্যায়ে এজলাসে ঢুকে আইনজীবীদের আসনেই বসে পড়েন তিনি। এতে আইনজীবীদের মধ্যে অসন্তোষ দেখা দিলে বিশেষ পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম কোর্ট হাজতের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা উপরিদর্শক হাবিবুর রহমানকে ডেকে সতর্ক করে দেন।
এর আগেও হাজিরা দিতে এসে আদালতের বারান্দায় মোবাইল ফোনে কথা বলে সাক্ষীদের প্রভাবিত করার অভিযোগ ওঠে রফিকের বিরুদ্ধে। বন্দি আসামি হয়েও হাতকড়া ছাড়াই স্ত্রীকে সঙ্গে নিয়ে আদালতপাড়ায় কাঁচাবাজারেও দেখা যায় তাকে, যে ছবি সংবাদপত্রেও ছাপা হয়। তবে বুধবার ওসি রফিককে হাতকড়া পরিয়ে আদালতে আনা হয়।
বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর মোমিনকে তাদের উত্তর ইব্রাহীমপুরের বাসার সামনে খুন করে দুষ্কৃতকারীরা। ওই খুনের ঘটনায় কাফরুল থানার তৎকালীন ওসি রফিকুল ইসলামের সম্পৃক্ততা পাওয়া যায়।
ওই মামলায় হত্যার পরিকল্পনার অভিযোগ যোগ করে গত ২ জানুয়ারি ওসি রফিক ও শীর্ষ সন্ত্রাসী হাবিবুর রহমান তাজের বিরুদ্ধে আদালতে নতুন করে অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৪১৪ ঘ.
bdnews24