২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় পদ্মা পারাপার ৯ ঘণ্টা বন্ধ, যানজট

কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি রুটে নয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলগামী এ পথের দুটি ঘাটেই যানজট সৃষ্টি হয়েছে। সাত ঘণ্টা ফেরি বন্ধ থাকায় একই অবস্থা পাটুরিয়া-দৌলতদিয়ায়ও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 04:18 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

মুন্সীগঞ্জ/মাদারীপুর/মানিকগঞ্জ, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি রুটে নয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলগামী এ পথের দুটি ঘাটেই যানজট সৃষ্টি হয়েছে। সাত ঘণ্টা ফেরি বন্ধ থাকায় একই অবস্থা পাটুরিয়া-দৌলতদিয়ায়ও। ঘন কুয়াশায় পথভ্রষ্ট হয়ে চারটি ফেরি নদীতে আটকে যাওয়ায় বুধবার রাত ১২টায় মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৯টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয় বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকে থাকা চারটি ফেরি ইতোমধ্যে ঘাটে ভিড়েছে। দেশের অন্যতম ব্যস্ত এ পথে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়া ঘাটে ৩ শতাধিক গাড়ি জমে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। কনকনে শীতের মধ্যে এসব গাড়ির যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। মহাসড়ক পুলিশের পাঁচ্চর ফাঁড়ির উপপরিদর্শক মো. আসাদুল ইসলাম জানান, কাওড়াকান্দি ঘাটেও যানজটের সৃষ্টি হয়েছে। সকাল ৯টায় ফেরি চলাচল শুরু হলেও যানজট সকাল ১০টায়ও লেগে ছিলো। পাটুরিয়া-দৌলতদিয়া পথে ফেরি চলাচল বন্ধ ছিলো রাত ২টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত। মাঝনদীতে পাঁচটি ফেরি আটক পড়ার পরই পারাপার বন্ধ করে দেওয়া হয় বলে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় সকাল ১০টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক ও ৩ শতাধিক যাত্রীবাহী বাস আটকে ছিলো। ফলে পারাপার শুরু হলেও যানজট রয়েছে। আশরাফ উল্লাহ বলেন, নৈশ কোচ ও জরুরি কাজে নিয়োজিত যানবাহনগুলোকে আগে পারাপার করা হচ্ছে। কুয়াশার কারণে সপ্তাহ খানেক ধরেই ভোররাত থেকে মাওয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পারাপার ব্যাহত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩০ ঘ.