মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর ও রাজশাহী বিভাগের ৭২ পৌরসভায় বুধবার ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হচ্ছে দেশব্যাপী পৌর নির্বাচন। প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে ইসি।
ভোটের দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হবে।
নির্বাচন-সংশ্লিষ্ট পৌরসভাগুলোয় ভোটের দিন সাধারণ ছুটি থাকবে।
মঙ্গলবার রংপুর বিভাগীয় কমিশনার জসিমউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এ বিভাগে ভোট নিতে সব ধরনের প্রস্তুতি শেষ হচ্ছে। আইন শৃঙ্খলাবাহিনীর প্রহরায় ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সামগ্রীও পৌঁছে গেছে।
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করছেন বলে জানান এই কর্মকর্তা।
দেশের দুশ ৫৭ পৌরসভায় ১২, ১৩, ১৭, ১৮ ও ২৭ জানুয়ারি নির্বাচন হবে।
নির্বাচনী এলাকাগুলোয় অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন।
এবারের পৌর নির্বাচনে ৬৯ লাখেরও বেশি ভোটার রয়েছে পৌর এলাকায়। প্রার্থী রয়েছে সাড়ে ১৫ হাজার।
'গোলযোগ হলে নির্বাচন বন্ধ'
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অনিয়ম ঘটলে তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে।"
"সহিংসতা ও গোলযোগ হলে সংশ্লিষ্ট পৌরসভার নির্বাচনও বন্ধ করে দেওয়া হবে।"
ভোটের দিন তাৎক্ষনিক বিচারের জন্য ইতোমধ্যে নির্বাচনী এলাকায় ২৯৭ জন বিচারিক হাকিম ও ২৫৯ জন নির্বাহী হাকিম নিয়োজিত রয়েছে বলে জানান নির্বাচন কমিশন ছহুল হোসাইন।
তিনি বলেন, "আইন-শৃঙ্খলাবাহিনী ভোটকেন্দ্রে নিরাপত্তা রক্ষার পাশাপাশি স্ট্রাইকিং ও মোবাইল ফোর্সও রয়েছে প্রতিটি নির্বাচনী এলাকায়।"
নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে রিটার্নিং কর্মকর্তা ও ইসি'র কাছে অবহিত করতে কিছু পৌরসভায় নিরব পর্যবেক্ষকও রয়েছে বলে জানান কমিশনের জ্যেষ্ঠ সহকারি সচিব (পৌর) আব্দুল বাতেন।
ভোটার ও প্রার্থী সারাদেশে
১২, ১৩, ১৮ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য ২৪৩ পৌরসভায় মোট ভোটার রয়েছে ৬৫ লাখ ৫৫ হাজার ৬৫৬। এর মধ্যে পুরুষ ৩২ লাখ ৬২ হাজার ৭৯৮ ও মহিলা ৩২ লাখ ৯২ হাজার ৮৫৮। এতে ২৪৩ মেয়র পদ ছাড়াও ২২৭৪ সাধারণ ও ৭৮৮টি সংরক্ষিত মহিলা কাউন্সিলরের পদ রয়েছে।
এসব পৌরসভায় মেয়র পদে ১১৮৩ জন মেয়র, ২৯০৮ জন সংরক্ষিত মহিলা ও ১০৩৭১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য ১৪ পৌরসভায় মোট ভোাটার ৪ লাখ ৮৯ হাজার ৩২৫। এর মধ্যে ২ লাখ ৪৬ হাজার ৩২৮ পুরুষ ও ২ লাখ ৪২ হাজার ৯৯৭ মহিলা। এতে মেয়র ছাড়াও ১৩৫ সাধারণ ও ৪৪টি সংরক্ষিত পদ রয়েছে। এসব পৌরসভায় তিন প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০৩৪ জন।
বহিরাগত নিষিদ্ধ ও যানবাহন
ইসি সচিবালয়ের উপ সচিব (পৌর) সৈয়দ খুরশিদ জানান, ভোটের দিন নির্বাচনী এলাকায় অনুমোদিত ছাড়া বিভিন্ন ধরনের যানবাহন ও নৌ চলাচল নিষিদ্ধ। মেয়র বা তার নির্বাচনী এজেন্ট প্রতি এলাকায় একটি করে গাড়ি ব্যবহার করতে পারবেন। কাউন্সিলররা তাও পারবেন না।
ভোটের ৩২ ঘণ্টা আগে থেকে বহিরাগতদের (এলাকার বাসিন্দা বা ভোটার নন) নির্বাচনী এলাকায় অবস্থান না করার নির্দেশনা দিয়েছে কমিশন।
ইসি কর্মকর্তা জানান, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে থেকে ভোটের দিন এবং রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সব ধরনের প্রচারণা বন্ধ রাখতে হবে।
ভোটের ৪৮ ঘণ্টা আগে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মটরসাইকেল চলাচলও নিষিদ্ধ থাকবে। এ সময় থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত (রাত ১২টা) নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব, বেবি ট্যাক্সি/অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, কার, পিকআপ, বাস, ট্রেম্পো, লঞ্চ, ইঞ্জিন বোট ও স্পিডবোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ভোটগ্রহণ কর্মকর্তা ৪০ হাজারেরও বেশি
ইসির জ্যেষ্ঠ সহকারি সচিব আব্দুল বাতেন জানান, প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার (তিন হাজার), কেন্দ্র প্রতি দুই জন করে সহকারি প্রিজাইডিং অফিসার (ছয় হাজার) এবং প্রতি ভোট কক্ষে দুই জন করে পোলিং অফিসার (প্রায় ৩০ হাজার) নিয়োজিত থাকবে।
এ হিসাবে সারাদেশে প্রায় ৪০ হাজার ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ থাকবে।
ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনী অনিয়মের জন্যও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে বলে জানান তিনি। কোন কর্মকর্তা ভোটের গোপনীয়তা রক্ষায় ব্যর্থ হলে, কোন ব্যক্তিকে ভোট প্রদানে প্ররোচিত, নিবৃত্ত, প্রভাবিত বা নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে বা শৃঙ্খলা ভঙ্গ করলে এক থেকে ৫ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
কোনো ব্যক্তি কোনো অনিয়মে জড়িত হলে কারণ দেখিয়ে সঙ্গে সঙ্গে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।
নির্বাচনী ও পোলিং এজেন্টদের জন্য বিশেষ ব্যান্ড
ইসি কর্মকর্তা জানান, পৌরসভা ও ওয়ার্ডের ভোটাররা শুধু সংশ্লিষ্ট এলাকার এজেন্ট হতে পারবে। বহিরাগত কারো নির্বাচনী ও পোলিং এজেন্ট হওয়ার সুযোগ নেই।
পৌর নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ও পোলিং এজেন্টদের জন্য বিশেষ আর্মড ব্যান্ড থাকছে। ভোটগ্রহণের ২৪ ঘণ্টা আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বা সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে এজেন্টদের দুই কপি ছবিসহ তালিকা জমা দিতে হবে।
সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য কারণ ছাড়া ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টরা ভোটকেন্দ্র ত্যাগ করতে পারবে না।
প্রায় দুই হাজার পর্যবেক্ষক
পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৬০টি সংস্থার প্রায় দুই হাজার পর্যবেক্ষক থাকছে।
ইসির জনসংযোগ পরিচালক স্বপন কুমার ভৌমিক জানান, দেশি-বিদেশি সংস্থার ১৮৫৭ জন পর্যবেক্ষককে অনুমতি দেওয়া হয়েছে।
তিনি জানান, প্রত্যেক পর্যবেক্ষণ সংস্থা প্রতি দলে পাঁচ জন করে একাধিক ভ্রাম্যমান পর্যবেক্ষক দল নিয়োগ করতে পারবে। পর্যবেক্ষকরা স্বল্প সময় কেন্দ্রে অবস্থান ও কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবে। তবে ভোটকেন্দ্রে বুথভিত্তিক কোনো সার্বক্ষণিক পর্যবেক্ষক দেওয়া যাবে না। কোনো অবস্থাতেই কোনো পর্যবেক্ষক ভোট প্রদানের স্থানে (মার্কিং প্লেস) প্রবেশ করতে পারবে না।
নির্বাচনে সশস্ত্রবাহিনী
আড়াই শতাধিক পৌরসভার মধ্যে ২৯টি জেলার ৫৬টিতে সেনাবাহিনীসহ সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেয় গত ৬ জানুয়ারি। এসময় ৫২টি পৌরসভায় বিডিআর সদস্য মোতায়েনেরও সিদ্ধান্ত হয়।
ভোটের আগে-পরে পাঁচদিন দায়িত্ব পালন করবেন বিডিআর সদস্যরা। ভোটের আগে-পরে চার দিন সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার আরো অন্তত ১০ পৌরসভায় সশস্ত্র ও বিডিআর মোতায়েনের সিদ্ধান্ত নেয় ইসি।
ইসি কর্মকর্তারা জানান, নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের পর থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্য ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের ভ্রাম্যমাণ দল দায়িত্ব পালন করছে। গুরুত্ব বিবেচনায় প্রতিটি পৌরসভার জন্য প্রয়োজনীয় সংখ্যক র্যাব, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ব্যাটালিয়ন আনসার সদস্যদেরকেও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হবে।
আইন শৃঙ্খলা সমন্বয় সেল
১২ জানুয়ারি থেকে সাত বিভাগে অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সমন্বয় সেল স্থাপন করা হয়েছে। মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) এ সেলের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। সমন্বয় সেলের টেলিফোন ও ফ্যাক্স নম্বর হচ্ছে যথাক্রমে ৭১৬৮২০৮ ও ৭১৬২৭৫৩।
ফল সংগ্রহ নিয়ে কমিশনের নির্দেশনা
সোমবার নির্বাচন কমিশনের সর্বশেষ পরিপত্রে বলা হয়েছে, ভোটগ্রহণের দিন নির্বাচিত প্রার্থীদের বেসরকারি ফল ও অন্য তথ্য নির্বাচন কমিশন সচিবালয় সংগ্রহ করবে। এ ফল ও অন্য তথ্য সংগ্রহের জন্য ইসি সচিবালয়ে একটি কেন্দ্রীয় তথ্য ও ফলাফল সংগ্রহ কেন্দ্র স্থাপন করা হবে।
পাশাপাশি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও একটি তথ্য ও ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থাকবে। রিটার্নিং কর্মকর্তা ভোটকেন্দ্র থেকে ফল স্থানীয়ভাবে প্রকাশের পর তা নির্বাচন কমিশন সচিবালয়ে ই-মেইল বা ফ্যাক্সের মাধ্যমে পাঠানো হবে।
ফল ঘোষণার সময় প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে ভোট গণনার বিবরণী অর্থাৎ ফল পাওয়ার পর রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার উপস্থিত প্রার্থী বা এজেন্টদের সামনে সেই ভোটকেন্দ্রের ফল পড়ে শোনাবেন এবং সম্ভব হলে এক কপি প্রদশনণী বোর্ডে বা দেয়ালে টাঙিয়ে দেবেন।
ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনী
পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই)/সার্জেন্ট/এএসআই/হাবিলদারের নেতৃত্বে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন হবে।
সাধারণ ভোটকেন্দ্রে অস্ত্রধারী পাঁচজন পুলিশসহ ১৯ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে অস্ত্রধারী ছয়জন পুলিশসহ ২০ জন নিয়োজিত থাকবে।
রংপুর ও রাজশাহী বিভাগ
এ দুই বিভাগের ৭২ পৌরসভায় বুধবার নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের ৯৯২ পদে প্রতিদ্বন্দ্বী রয়েছে চার হাজার ৭২৩ জন ।
রংপুরের ২৩ পৌরসভায় মেয়র প্রার্থী ১৩১ জন, সংরক্ষিত কাউন্সিরল ৩১৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১১০১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব পৌরসভায় মেয়র ছাড়া ২১৯টি সাধারণ ও ৭৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন তারা।
এসব পৌরসভায় ৭ লাখ ১৯ হাজার ৪১ জন ভোটারের বিপরীতে ভোট কেন্দ্র ৩৬৩ ও ভোট কক্ষ রয়েছে ২২০১টি।
রাজশাহী বিভাগের ৪৯ পৌসভায় মেয়র পদে ২৩২, সংরক্ষিত ৬৭৩ ও সাধারণ কাউন্সিলরে ২২৬৫ প্রার্থী রয়েছে। পৌরসভায় ৪৯ মেয়র, ৪৭১ সাধারণ ও সংরক্ষিত ১৫৭ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা।
এ বিভাগের পৌরসভাগুলোর ১৪ লাখ ৪ হাজার ৯৯০ ভোটারের বিপরীতে ৭৩২ ভোটকেন্দ্র ও ৪৪২৮ টি ভোটকক্ষ রয়েছে।
খুলনা ও বরিশাল বিভাগ
এ দুই বিভাগের ৪৯ পৌরসভায় ভোট হবে বৃহস্পতিবার।
খুলনায় ৩০ পৌরসভায় মেয়র ছাড়াও সাধারণ ওয়ার্ডে ২৭০টি কাউন্সিলর ও ৯০টি সংরক্ষিত আসনের কাউন্সিলর রয়েছে। এসব পৌরসভায় ৭ লাখ ১৩ হাজার ৫২৮ ভোটের বিপরীতে ৪০৩টি ভোট কেন্দ্র ও ২৩১২টি ভোটকক্ষ রয়েছে।
এ বিভাগে মেয়র পদে ১৪০ জন, সংরক্ষিত আসনে ৩৬৪ জন এবং ১১২৫ জন সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বরিশাল বিভাগের ১৯ পৌরসভায় মেয়র পদে ৮৪ জন, সংরক্ষিত ২০৫ ও সাধারণ কাউন্সিলর পদে ৬৪৭ জন প্রার্থী রয়েছে।
এসব পৌরসভায় মেয়র পদ ছাড়া সাধারণ ১৭১ ও সংরক্ষিত ৫৭টি কাউন্সিলর পদ রয়েছে।
নির্বাচনে ২ লাখ ৩২ হাজার ৮২৯ ভোটারের বিপরীতে ১৯৯ ভোটকেন্দ্র ও ৯৪৮ ভোটকক্ষ থাকবে।
ঢাকা বিভাগ
এ বিভাগের ৬৩ পৌরসভায় আগামী ১৭ জানুয়ারি ভোট হবে। এসব পৌরসভায় মেয়র পদ ছাড়াও সাধারণ ৫৯৪ ও সংরক্ষিত ১৯৮টি কাউন্সিলর পদ রয়েছে।
নির্বাচনে মেয়র পদে ২৯৯ জন, সংরক্ষিত আসনে ৭৩৫ ও সাধারণ কাউন্সিলর পদে ২৭৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসব পৌরসভায় ১৯ লাখ ৯৬ হাজার ৪২৮ ভোটারের জন্য ৯৭৭ ভোটকেন্দ্র ও ৫৮৯৬টি ভোটকক্ষ রয়েছে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগ
এ দুই বিভাগের ৫৯ পৌরসভায় ভোট হবে আগামী ১৮ জানুয়ারি।
চট্টগ্রাম বিভাগের ৪৩ পৌরসভায় মেয়রপদে ২২৩ জন, মহিলা আসনে ৪৩৪ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৮৭২ জন প্রার্থী রয়েছে।
এসব পৌরসভায় মেয়র পদ ছাড়া সংরক্ষিত ১৬৫টি ও সাধারণ কাউন্সিলরের ৪০৫টি পদ রয়েছে।
১১ লাখ ৩২ হাজার ৮৫০ ভোটারের জন্য এ নির্বাচনী বিভাগে ৫৬৩ ভোটকেন্দ্র ও ৩৩৮১টি ভোটকক্ষ রয়েছে।
সিলেট বিভাগের ১৬ পৌরসভায় মেয়রপদে ৭৪, সংরক্ষিত ১৮১ ও সাধারণ কাউন্সিলর ৬১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব বিভাগে মেয়র ছাড়াও ১৪৪টি সাধারণ ও ৪৮টি সংরক্ষিত কাউন্সিলর পদ রয়েছে।
২ লাখ ৯৫ হাজার ৯৯০ ভোটারের বিপরীতে ১৮৭টি ভোট কেন্দ্র ও ৮২২টি ভোট কক্ষ রয়েছে।
আরো ১৪ পৌরসভা
পাঁচ বিভাগের ১১ জেলার ১৪ পৌরসভার ভোট হবে ২৭ জানুয়ারি। এসব পৌরসভায় মেয়র ছাড়াও ১৩৫ সাধারণ ও ৪৪ সংরক্ষিত কাউন্সিলর পদ রয়েছে। এর বিপরীতে ৮৪ মেয়র, ২২২ সংরক্ষিত মহিলা ও ৩৭৭ সাধারণ কাউন্সিলর প্রার্থী রয়েছে।
এসব পৌরসভায় ৪ লাখ ৮৯ হাজার ৩২৫ ভোটারের বিপরীতে ২৪৫ ভোট কেন্দ্র ও ১৫৮০ ভোট কক্ষ রয়েছে।
দেশে যত পৌরসভা নির্বাচন
ইসি সচিবালয়ের উপ সচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ জানান, স্বাধীনতা উত্তর বাংলাদেশে ১৯৭৩ সালের ৩১ ডিসেম্বর প্রথম পৌরসভা নির্বাচন হয়।
এরপর ১৯৭৭ সালের ১৩ আগস্ট, ১৯৮৪ সালের ১১ ফেব্র"য়ারি, ১৯৮৯ সালের ২৮ জানুয়ারি, ১৯৯৩ সালের ৩০ জানুয়ারি, ১৯৯৯ সালের ২৩ ফেব্র"য়ারি থেকে ২৫ ফেব্র"য়ারি পৌরসভা নির্বাচন হয়।
সর্বশেষ ২০০৪ সালের ৫ মে থেকে ১০ মে দেশব্যাপী ১১৫ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
গত ২ ডিসেম্বর সিইসি এটিএম শামসুল হুদা দেশের ৩০৯ পৌরসভার মধ্যে ২৬৯ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে।
আদালতের স্থগিতাদেশ ও সরকারের অনুরোধে নির্বাচনযোগ্য পৌরসভার সংখ্যা কমে বর্তমানে ২৫৭টি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২৩১০ ঘ.
bdnews24