ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলীয় সিদ্ধান্ত না মেনে পৌর নির্বাচনে প্রার্থী হওয়া এবং 'বিদ্রোহী' প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে বরিশাল ও নোয়াখালীতে দল থেকে বহিষ্কার করা হয়েছে কয়েকজনকে।
এর মধ্যে নোয়াখালীর হাতিয়া পৌরসভার আওয়ামী লীগের 'বিদ্রোহী' মেয়র প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। কারণ জানাতে বলেছে জেলার দুই সহসভাপতিকে।
বরিশালে পৌর নির্বাচনে প্রতিপক্ষের প্রার্থীদের পক্ষে কাজ করায় দুই ছাত্রলীগ নেতা বহিস্কার, এক বিএনপি নেতার পদ স্থগিত এবং এক যুবদল নেতাকে কারণ জানাতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
নোয়াখালী: হাতিয়া পৌরসভায় মেয়র পদপ্রার্থী এ কে এম ইউছুফকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সুপারিশ করেছে দলের জেলা কমিটি।
সোমবার সন্ধ্যায় দলের জেলা শাখার জরুরি সভায় কেন্দ্রীয় কমিটির কাছে বহিষ্কারের এই সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সভায় চৌমুহনী ও হাতিয়া পৌরসভায় দলের সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগে জেলা আওয়ামী লীগের দুই সহ-সভাপতিকে কারণ জানাতে বলা হয়েছে।
এই দুজন হলেন- বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ ও হাতিয়ার সাবেক সাংসদ মোহাম্মদ আলী।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আনম সেলিম মঙ্গলবার মেয়র প্রার্থী ইউছুফকে বহিষ্কার ও দুই সহসভাপতিকে কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে হাতিয়া পৌরসভায় ছাইফ উদ্দিন ও চৌমুহনী পৌরসভায় মামুনুর রশীদ কিরণকে মেয়র পদে সমর্থন দেওয়া হয়েছে।
আগামী ১৮ জানুয়ারি নোয়াখালীর বিভিন্ন পৌরসভায় নির্বাচন হবে।
বরিশাল: বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন- বানারী পাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নূরুল হুদা তালুকদার ও সদস্য রাসেল বক্স।
মঙ্গলবার বরিশাল জেলা ছাত্রলীগের আহবায়ক মিলন ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
তাদের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
দলের সমর্থিত প্রার্থীর বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় বিএনপির বরিশাল জেলা উত্তর শাখার সহ সাধারণ সম্পাদক আবিদুর রহমান হুমায়ুনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে বলে দলের জেলা নেতারা জানান।
একই অভিযোগে মেহেন্দিগঞ্জ পৌর শাখা যুবদলের আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটনকে কারণ জানাতে নোটিশ দেওয়া হয়েছে।
তাকে নোটিশ দেন যুবদল উত্তর জেলা শাখার সভাপতি কবির উদ্দিন আফসারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৪২ ঘ.
bdnews24