ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার আতাইকুলায় মঙ্গলবার ভোরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ বলেছে, নিহত আকুব্বর আলী (২৯) ছিলেন গোপন সশস্ত্র সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) লাল পতাকা গ্র"পের আঞ্চলিক নেতা।
অপরদিকে সোমবার দিবাগত রাতে নওগাঁর মান্দায় ঘরে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন তার স্ত্রী।
তবে এই দুটি হত্যাকাণ্ডে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
পাবনা: আতাইকুলা থানাধীন শিবপুর গ্রামের একটি মাঠে মঙ্গলবার ভোরে গুলি করে হত্যা করা হয় আকুব্বরকে। তিনি ওই গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রতিপক্ষের অস্ত্রধারীরা আকুব্বরকে হত্যা করে মাঠে ফেলে গেছে। গোপন সংগঠনগুলোর কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে।
ওসি জানান, আকুব্বরের বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলা রয়েছে।
নওগাঁ: মান্দা উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামে ঘরে ঢুকে সত্যেন্দ্রনাথ হালদার (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাদের হামলায় সত্যেন্দ্রনাথের স্ত্রী ফুলবতী রানীও (৩০) আহত হয়েছেন।
মান্দা থানার ওসি এ কে এম খালেকুজ্জামান ও ফুলবতী সাংবাদিকদের জানান, দুর্বৃত্তরা একটি গাছ বেয়ে বাড়িতে প্রবেশ করে। তাদের উপস্থিতি টের পেয়ে সত্যেন্দ্রনাথ দরজা খোলামাত্র দুর্বৃত্তরা ঘরে ঢুকে পড়ে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।
এতে মাথায় মারাত্মক আঘাত পান সত্যেন্দ্রনাথ। তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
আহত ফুলবতীকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগের বরাত দিয়ে ওসি জানান, বালুমহালের বালু উত্তোলন ও পরিবহনের রাস্তা, সেচ প্রকল্প, স্থানীয় একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও জমিজমা নিয়ে এলাকার একটি মহলের সঙ্গে সত্যেন্দ্রনাথের বিরোধ চলে আসছিলো।
এই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধরণা করছে।
ওসি জানান, পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১৮ ঘ.
bdnews24