ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশজুড়ে তীব্র শীত আরো অন্তত দুদিন অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
মঙ্গলবার ঢাকায় সর্বনিু তাপমাত্রা ছিলো ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগেরদিন মৌসুমের সর্বনিু তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, নীলফামারীর সৈয়দপুর এবং কুষ্টিয়ায় তীব্র শৈত্য প্রবাহ চলছে। এছাড়া খুলনা, রংপুর, ঢাকা, বরিশাল এবং রাজশাহী বিভাগে চলছে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ।
মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশে বিরাজ করায় শীতের তীব্রতা বেড়েছে। দুদিন পর আবহাওয়ার উন্নতি হতে পারে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলবার ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেখানে চলতি সপ্তাহে তাপমাত্রা আরো কমতে পারে বলে আভাস দিয়েছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা।
তীব্র শীতের কারণে বিভিন্ন রোগে দুটি জেলায় আরো অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমাবার শীতজনিত রোগে রংপুর ও নীলফামারীতে পাঁচজন করে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: টানা পাঁচদিনের শৈত্য প্রবাহে কুড়িগ্রামের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার পাশাপাশি কনকনে বাতাসে জুবুথুবু হয়ে পড়েছে কয়েক লাখ হতদরিদ্র মানুষ।
রংপুর আবহাওয়া কার্যালয় জানায়, মঙ্গলবার এই বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
গত তিনদিনে শীতজনিত রোগে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুড়িগ্রাম সদর হাসপাতালে মারা গেছে তিনজন।
এরা হলো- উলিপুর উপজেলার উমানন্দ গ্রামের গোলাপের ছেলে মনি (৩), কুড়িগ্রাম সদরের নওয়াবশ গ্রামের দুদু মিয়ার ছেলে বায়েজিদ (২) ও চান্দের খামার গ্রামের হরিমতি (৪৫)।
এছাড়া বিভিন্ন উপজেলায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।
নাগেশ্বরীর কালিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের জানান, কুমুরিয়ার পাড় গ্রামে আালো বেওয়া (৬৫) ও ভবানন্দের কুটি গ্রামে ভারতী রানী (৭০) শীতজনিত রোগে মারা গেছেন।
রাজীবপুর উপজেলার বন্দবের ইউনিয়ন পরিষদের সদস্য নূরুল হক জানান, বড়বেড় গ্রামে আকবর আলী (৫৫) নামের একজন জমিতে চাষ দেওয়ার সময় অসুস্থ হয়ে মারা যান।
উলিপুরের হাতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন জানান, অনন্তপুর কুমারপাড়া গ্রামে ঈশিতা (৩) ও গাবুরজান গ্রামে গহর উদ্দিন (৬৫) মারা গেছেন।
জেলার সিভিল সার্জন ডা. হাফিজুর রহমান জানান, প্রচণ্ড ঠাণ্ডার কারণে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে।
কুড়িগ্রাম সদর হাসপাতালের ডা. নজরুল ইসলাম জানান, প্রতিদিন ঠাণ্ডায় অসুস্থ ৪ শতাধিক রোগী আউটডোরে চিকিৎসা নিচ্ছে।
জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, এ পর্যন্ত দুই দফায় সাত হাজার কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। জরুরি ভিত্তিতে আরো ১০ হাজার কম্বল চেয়ে মঙ্গলবার ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে।
চাঁদপুর: চাঁদপুরে শৈত্যপ্রবাহে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। মঙ্গলবার চাঁদপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন জেলার আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তা শামসুল হক।
মো. মহিন উদ্দিন, মাসুদুর রহমানসহ চাঁদপুর শহরের বেশ কয়েকজন বাসিন্দা শীতের দুর্ভোগের কথা জানান।
তারা বলেন, খুব বেশি প্রয়োজন না হলে তারা বাইরে যাচ্ছেন না।
মো. মফিজুল ইসলাম নামের এক ভ্যানচালক বলেন, বেশি শীত পড়ায় ভ্যান চালাতে বেশ কষ্ট হচ্ছে। জীবিকার প্রয়োজনে এই তীব্র শীতে বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন।
বরগুনা: মঙ্গলবার সকালে বরগুনার পাথরঘাটা উপজেলায় শীতজনিত রোগে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় এক সাংবাদিক জানান, তারা দুজনই হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এরা হলেন- কালমেঘা ইউনিয়নের লাকুরতলা গ্রামের আর্শেদ আলী (৭০) ও কালমেঘা গ্রামের টিপু আলম (৪৫)।
বগুড়া: কনকনে বাতাসে জবুথবু হয়ে পড়েছে বগুড়ার জনপদ। প্রয়োজনীয় কাজ ছাড়া বলতে গেলে কেউ ঘর থেকে বেরুচ্ছে না।
শীতের পোশাক কিনতে হকার্স মার্কেট, রেলওয়ে মার্কেটসহ ফুটপাতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। শীতের সঙ্গে সঙ্গে কুয়াশা দুর্ভোগ আরো বাড়িয়েছে। সারাদিনের মধ্যে বিকালে কিছুক্ষণের জন্য সূর্যের দেখা মেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এমআই/এমএসবি/২২৫৩ ঘ.
bdnews24