ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইল ও চাঁদপুরে দুটি পৌরসভায় ভোটারদের টাকা দেওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে।
এর মধ্যে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় আটক এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁদপুরে আটক দুজনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
এছাড়া যশোরে এক প্রার্থীর ভাইকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
বরিশালের একটি পৌরসভায় সোমবার রাত থেকে ২৪ ঘণ্টায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ছয়টি অভিযোগ পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
টাঙ্গাইল: কালিহাতী পৌর এলাকার ছাতুটিয়া এলাকায় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জুলহাস উদ্দিনের পক্ষে প্রচারণার সময় তার কর্মী শের আলী (৪৭) ভোটারদের টাকা দিচ্ছিলেন।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম ইসমত জাহান তাকে ছয় মাসের কারা ও অর্থ দণ্ড দেন।
কালিহাতী থানার ওসি জহিরুল ইসলাম জানান, স্থানীয়রা শের আলীকে ১০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ওসি জানান, আদালতের রায়ের পর তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।
চাঁদপুর: হাজীগঞ্জ পৌর এলাকায় ভোটারদের টাকা দিতে গিয়ে সন্ধ্যায় আটক হয়েছে এক কাউন্সিলর প্রার্থীর দুই কর্মী।
এরা হলেন- নূরজাহান বেগম (৪০) ও মানিক (৩৫)।
অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিকাশ চন্দ্র দে।
নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, আটককৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার পর তাদেরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি জানান, এরা দুজন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মহসিন ফারুক বাদলের কর্মী। এই প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বলা হয়েছে।
বরিশাল: বানারীপাড়ায় পৌরসভা নির্বাচন নিয়ে ২৪ ঘণ্টায় ছয়টি অভিযোগ পাওয়া গেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের কাছ থেকে।
মারধর, চাঁদা দাবি, পোস্টার লাগাতে বাধা, বহিরাগতদের এলাকায় আনাসহ নানা অভিযোগ লিখিতভাবে জানানো হয়েছে পুলিশ, প্রশাসন, রিটার্নিং কর্মকর্তার কাছে।
সোমবার রাত থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী গোলাম সালেহ মঞ্জু মোল্লা, ওয়াকার্স পার্টি সমর্থিত মেয়র প্রার্থী মন্টু লাল কুণ্ডু ও অপর মেয়র প্রার্থী হারুন-অর-রশীদ পাল্টাপাল্টি এসব অভিযোগ করেন।
অভিযোগের ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, প্রতিটি অভিযোগ র্যাব ও পুলিশ তদন্ত করছে। দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
যশোর: মঙ্গলবার সন্ধ্যায় চৌগাছা বাসস্ট্যান্ড থেকে র্যাব সদস্যরা ছাত্রলীগ কর্মী রুবেলকে একটি নাইন এমএম পিস্তলসহ আটক করেছেন। রায়হান নামে তার এক সহযোগীকেও আটক করা হয়।
রুবেল চৌগাছা পৌর নির্বাচনে মহাজোটের মেয়র প্রার্থী এস এম সাইফুর রহমান বাবুলের চাচাতো ভাই।
র্যাব জানায়, র্যাব-৬ যশোর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারিক আজিজ সন্ধ্যায় চৌগাছা বাসস্ট্যান্ড থেকে সহযোগীসহ রুবেলকে আটক করেন।
বৃহস্পতিবার এই পৌর সভায় নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১১ ঘ.
bdnews24