ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকেশ্বরী মন্দিরে চুরির ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। চুরিতে মন্দির সংশ্লিষ্টদের কেউ জড়িত বলে সন্দেহ পুলিশের।
মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করেন।
এ সময় তিনি পুলিশ কর্মকর্তাদের দ্রুত চুরি যাওয়া স্বর্ণলঙ্কার উদ্ধার ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।
সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, "মন্দিরে চুরির ঘটনায় যারাই জড়িত থাকুক কাউকে ছাড়া হবে না। দ্রুত তদন্ত করে গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হবে।"
চুরির ঘটনায় রোববার রাতেই সন্দেহভাজন হিসাবে মন্দিরের নৈশপ্রহরী আনিসকে আটক করা হয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শহীদ বলেন, "মন্দিরের নৈশপ্রহরী আনিসকে পাঁচদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি।"
ঘটনার পর থেকে ডিবি, সিআইডি, র্যাব ও পুলিশের পৃথক দল বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ আশা প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অচিরেই চুরির মালামাল উদ্ধার ও চোর ধরা পড়বে।"
শনিবার রাতে ঢাকেশ্বরী মন্দিরের তালা ভেঙ্গে দুর্বৃত্তরা প্রায় ২০০ ভরি সোনার গহনা, দু'টি প্রণামী বাক্স থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
রোববার সকালে এ ঘটনায় মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি বীরেশ চন্দ্র সাহা চকবাজার থানায় একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/পিডি/১৮৪০ ঘ.
bdnews24