ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মেয়রপ্রার্থীর আবেদনে নরসিংদী পৌরসভার নির্বাচন ১৫ দিনের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
ওই পৌরসভার মেয়রপ্রার্থী আব্দুল মতিন সরকার আদালতে রিট আবেদন করেছিলেন। আদালতের আদেশে অন্য মেয়রপ্রার্থী লোকমান হোসেনকে আগামী সাত দিনের মধ্যে আদালতে উপস্থিত হয়ে নিজেকে 'পলাতক নয়' প্রমাণ করতে বলা হয়।
মতিনের রিট আবেদনে লোকমানের প্রার্থিতা বাতিল চাওয়া হয়েছে। তার কৌঁসুলি এম আমীর-উল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লোকমান হোসেন একটি খুনের মামলার পলাতক আসামি। স্থানীয় সরকার পৌরসভা আইন-২০০৯ অনুযায়ী তিনি পৌরসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন না।
"অথচ গত ২০ ডিসেম্বর নির্বাচন কমিশন তার প্রার্থিতা গ্রহণ করেছে। তাই তার প্রার্থিতা বাতিলে আজ (মঙ্গলবার) এই রিট করা হয়েছে", বলেন তিনি।
আগামী ১৭ জানুয়ারি নরসিংদী পৌরসভায় নির্বাচন হওয়ার কথা ছিলো। তার এক সপ্তাহ আগে আদালতের এ স্থগিতাদেশ এলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৪৩০ ঘ.
bdnews24