মাদারীপুর, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার দু'দিন পর মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে দত্তপাড়া ইউনিয়নের উত্তরচর তাজপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত আবদুর রব মাতুব্বর (৪৫) দত্তপাড়া ইউনিয়নের উত্তর তাজপুরের আলী মাতুব্বরের ছেলে।
দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিজ বাড়ির পেছনের আম গাছে রবের লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতের স্ত্রী লাইলী বেগম জানান, ঘটনার দু'দিন আগে থেকে রব নিখোঁজ ছিলেন।
এ ঘটনায় মামলা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৩১৩ ঘ.
bdnews24