ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন এক পুলিশ সদস্য। সংঘর্ষে এক সন্ত্রাসীও আহত হয়েছে।
সোমবার সাড়ে ৯টার দিকে বাউনিয়া বাঁধ বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পল্লবী থানার উপপরিদর্শক ফিরোজ হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন সন্ত্রাসী ডাকাতির পরিকল্পনা করছে জানতে পেরে পুলিশের একটি দল বালুর মাঠ এলাকায় যায়। তখন সন্ত্রাসীরা পুলিশকে দেখে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।
ঘটনাস্থল থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
আহত পুলিশ কনস্টেবল সাইদুর রহমানকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ 'সন্ত্রাসী' আবিরকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা ফিরোজ বলেন, তার অবস্থা আশঙ্কাজনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএম/এমআই/১১১১ ঘ.
bdnews24