ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডা সুবাস্তু নজর ভ্যালী টাওয়ারের নিচতলায় আগুনে পুড়েছে সাতটি দোকান।
মঙ্গলবার সকাল ৬টায় লাগা এ আগুন সকাল সোয়া ৮টায় নিয়ন্ত্রণে আনা হয় বলে দমকল বাহিনী জানিয়েছে।
অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দমকল বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নজমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহজাদপুর প্রগতি স্মরণীতে অবস্থিত ১৮ তলা ওই ভবনে আগুন লাগার খবর পেয়েই দমকল বাহিনী সেখানে যায়।
সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় জানিয়ে তিনি বলেন, তার আগেই আগুনে সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডের সময় দোকানগুলো বন্ধ ছিলো।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চল্লিশ লাখ টাকা বলে জানান কাজী নজমুজ্জামান।
তিনি বলেন, পুড়ে যাওয়া সাতটি দোকানের মধ্যে তিনটি খালি ছিলো। বাকি চারটি দোকানের মধ্যে রয়েছে জেনারেল ষ্টোর, জুতার দোকান, রবি কাস্টমার কেয়ার সেন্টার এবং ইলেকট্রনিকসের দোকান।
বৈদ্যুতিক গোলযোগের কারণে ইলেকট্রনিকসের দোকান থেকে আগুনের উৎপত্তি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/আরএম/আরএ/১৭০৪ ঘ.
bdnews24