ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বড় পরিবর্তনগুলোর একটি ঘটে ২০০৭ সালের ১১ জানুয়ারি। চার বছর আগের এ দিনেই জরুরি অবস্থা জারি করা হয়, যা বহাল ছিলো পরবর্তী দুই বছর।
২০০৬ সালের শেষ ভাগে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতা ছাড়ার পর সারাদেশে ছড়িয়ে পড়া সহিংসতা-হানাহানির আপাত অবসান ঘটে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের জরুরি অবস্থা জারি করার মধ্যে দিয়ে। একইসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেন তিনি। বাতিল করা হয় ২০০৭ সালের ২২ জানুয়ারির জাতীয় নির্বাচন।
সেনা বাহিনীর সমর্থন নিয়ে নতুন প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমদ। এই সরকার নির্বাচন কমিশন পুনর্গঠন করে দুই বছর পর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর, আবার গণতন্ত্রে ফেরে দেশ।
১১ জানুয়ারি ক্ষমতার পালাবদলের পর জরুরি ক্ষমতার আওতায় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছিলো। শুরুতে দেশের মানুষ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন করলেও ধীরে ধীরে তা কমতে শুরু করে।
'ওয়ান ইলেভেন'এর পটপরিবর্তন নানান অস্বস্তির জন্ম দেয় শীর্ষ রাজনৈতিক দলগুলোর মধ্যে। দল ভাঙা-দল গড়ার 'খেলা'ও ওই সময়ে দেখে জনগণ।
দায়িত্ব নেওয়ার পর দুর্নীতির মামলায় বহু রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়। এক পর্যায়ে গ্রেপ্তার হন শীর্ষ দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াও। তবে শেষ পর্যন্ত তাদের মুক্তি দিয়েই নির্বাচনের দিকে এগোতে হয় তত্ত্বাবধায়ক সরকারকে।
সেনা সমর্থিত ওই সরকারকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয় ছাত্ররা। ২০০৭ সালের অগাস্টে সেনা সদস্য কর্তৃক ছাত্র লাঞ্ছিত হওয়ার অভিযোগ এনে বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। পরে তা সারাদেশে ছাত্রবিক্ষোভে রূপ নেয়।
ছাত্র বিক্ষোভের ওই ঘটনায় গ্রেপ্তার করা হয় ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকসহ বেশ কয়েকজন ছাত্রকে। পরে সাজা হলেও রাষ্ট্রপতির ক্ষমায় তাদের মুক্তি দিতে বাধ্য হয় সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০৩৯ ঘ.
bdnews24