২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেল হত্যা: আপিলের অনুমতি মিলেছে

জেল হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারকে আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টে খালাস পাওয়া দুজনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 03:53 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেল হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারকে আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টে খালাস পাওয়া দুজনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। সরকারের আপিল আবেদন মঞ্জুর করে মঙ্গলবার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ এ আদেশ দেয়। নিু আদালতে মৃত্যুদণ্ডে দণ্ডিত তবে হাইকোর্টের রায়ে খালাস পাওয়া দফাদার মারফত আলী শাহ ও এল.ডি. (দফাদার) আবুল হাসেম মৃধাকে অবিলম্বে আত্মসমর্পণের আদেশ দেওয়া হয়। আদেশের পর সরকার পক্ষের বিশেষ কৌঁসুলি আনিসুল হক সাংবাদিকদের বলেন, তারা আত্মসমর্পণ না করলে গ্রেপ্তার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া বঙ্গবন্ধু মামলায় ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ, বজলুল হুদা ও একেএম মহিউদ্দিনের ফাঁসির রায় কার্যকর হওয়ায় এ চার জনের বিরুদ্ধে আপিলের আবেদন অকার্যকর বলে আদালত জানিয়েছে। জেলখানায় জাতীয় চার নেতা হত্যার পুনর্বিচারের আবেদন সরকার প্রথমে করলেও বিচারকাজ বিলম্বিত হওয়ার আশঙ্কা থেকে পরে সে অবস্থান থেকে সরে আসে। জেল হত্যামামলার বিচার সঠিকভাবে হয়নি- এ অভিযোগ করে চার নেতার পরিবারের সদস্য আওয়ামী লীগ নেতারা এর পুনর্বিচার দাবি করে আসছিলো। সরকারের কয়েকজন মন্ত্রীও পুনর্বিচারের কথা শুরুতে বলেছিলো। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় যাওয়ার পর বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি শেষে বহু প্রতীক্ষিত জেল হত্যামামলারও চূড়ান্ত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলে গত বছরের ৭ নভেম্বর আপিল আবেদনের শুনানি শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। জাতীয় চার নেতা হত্যামামলার অধিকাংশ আসামি আদালতের রায়ে খালাস পাওয়ায় এর পুনর্বিচারের বিষয়টি উঠে আসে। জেল হত্যার মামলা দায়েরের ২৩ বছর পর আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় গেলে ১৯৯৮ সালের ১৫ অক্টোবর ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান রায় দেন। রায়ে রিসালদার মোসলেম উদ্দিন (পলাতক), দফাদার মারফত আলী শাহ (পলাতক) ও এল.ডি. (দফাদার) আবুল হাসেম মৃধাকে (পলাতক) মৃত্যুদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদাসহ ১৫ জনকে। খালাস পান বিএনপি নেতা কেএম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুর। এ রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ২০০৮ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মারফত আলী ও হাশেম মৃধাকে অব্যাহতি দেয়। রায়ে মোসলেমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারুক, শাহরিয়ার রশিদ, বজলুল হুদা ও একেএম মহিউদ্দিন আহমেদকেও খালাস দেয় হাইকোর্ট। হাইকোর্ট বহাল রাখে আট সেনা কমকর্তার সাজা। তারা হলেন- খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এমএইচএম বি নূর চৌধুরী, এএম রাশেদ চৌধুরী, আহমদ শরিফুল হোসেন, আবদুল মাজেদ, মো. কিসমত হোসেন ও নাজমুল হোসেন আনসর। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর আপিলের আবেদন (লিভ টু আপিল) করে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪০ ঘ.