ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনশক্তি রপ্তানি খাতের অন্যতম প্রধান অন্তরায় অভিবাসন ব্যয়। সোমবার রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন জাতীয় প্রেসক্লাবে এ আলোচনার আয়োজন করে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জনশক্তি খাতের ওপরই ভবিষ্যতে বাংলাদেশের বাঁচামরা নির্ভর করছে। এজন্য সরকার ও বেসরকারি খাতকে একযোগে কাজ করতে হবে।
এ খাতে অভিবাসন ব্যয় বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, "আগে এটি একটি নির্দিষ্ট সীমায় নির্ধারিত ছিল। কিন্তু পরবর্তীতে তা অনেক বেড়েছে। এজন্য বেসরকারি রপ্তানিকারকরাই বেশি দায়ী। এটা অবশ্যই কমিয়ে আনতে হবে।"
প্রাক্তন বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মীর নাছিরউদ্দিন বলেন, জনশক্তি রপ্তানিখাতে দুঃখ-দুর্দশার জন্য আমলারাই দায়ী। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনশক্তি রপ্তানি বাড়াতে অবশ্যই রাজনৈতিক রাষ্ট্রদূত নিয়োগ দিতে হবে। সেখানে সৎ লোকদের পাঠিয়ে সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানে পদক্ষেপ নিতে হবে।
সামরিকখাতে সরকারি ব্যয় কমিয়ে মিশনগুলোকে শক্তিশালী করার তাগিদ দিয়ে এই বিএনপি নেতা বলেন, শুধু প্রতিরক্ষা খাত দিয়ে দেশকে রক্ষা করা যাবে না। এজন্য বিদেশী মিশনগুলোকেও শক্তিশালী করতে হবে। কোনো বিপদে তারাই সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে।
বায়রার প্রাক্তন সভাপতি গোলাম মোস্তাফা জনশক্তি রপ্তানিখাতের অনিয়ম ও দুর্নীতি রোধে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগের তাগিদ দিয়ে বলেন, জনশক্তি রপ্তানিখাতে ধ্বসের জন্য সরকার ও বেসরকারি খাত উভয়ই দায়ী। জনশক্তি রপ্তানিকারকরা অতীতে যেমন দায়িত্বশীল আচরণ করেনি, তেমনি সরকারও তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।
সভাপতির লিখিত উপস্থাপনায় ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আব্দুর রহমান জনশক্তি রপ্তানিতে ধ্বসের জন্য ১২টি সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে এর প্রতিকারে ১৪টি সুপারিশ পেশ করেন।
কারণগুলোর মধ্যে রয়েছে- রপ্তানিকারকদের হঠকারিতা, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও দুর্নীতি, অবৈধ ভিসা বিক্রি, বিদেশী মিশনের কর্মকর্তাদের অবহেলা ও দুর্নীতি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কুটনৈতিক ব্যর্থতা, অদক্ষ কর্মী প্রেরণ, রোহিঙ্গা সমস্যা, প্রবাসীদের রাজনৈতিক দলাদলি ও তদারকির অভাব।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন টিআইবি'র সভাপতি হাফিজউদ্দিন আহমেদ, সাংবাদিক জগলুল হায়দার চৌধুরী ও সিপিডি'র গবেষক নাফিসা খালেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২৩০০ ঘ.
bdnews24